জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ২৯ মে, ২০২৬
কলকাতার পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও প্রাণীপ্রেমী ভ্লগার সায়নী চক্রবর্তীর মৃত্যুকে ঘিরে নেটদুনিয়ায় গভীর শোক ও আলোচনা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেছে, তার মৃত্যুর পেছনে মানসিক অবসাদের সম্ভাবনা থাকতে পারে বলে ধারণা করা হলেও, এখনো বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে তার আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
সায়নী সামাজিক মাধ্যমে মূলত তার প্রাণবন্ত উপস্থিতি এবং পোষা গরু ‘সুন্দরী’-কে কেন্দ্র করে তৈরি ভিডিওগুলোর জন্য জনপ্রিয়তা অর্জন করেন। মা মলি চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে তৈরি করা কনটেন্ট বিশেষভাবে দর্শকদের আকৃষ্ট করত। ত্রিবেণীর এই মা-মেয়ের জুটি দীর্ঘদিন ধরেই অনলাইনে একটি পরিচিত নাম ছিল।
সম্প্রতি তিনি আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন এবং এলএলবি সম্পন্ন করার খবর ও ছবি নিজের অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন। জানা যায়, মৃত্যুর আগের দিনও তাদের পেজে প্রাণীদের নিয়ে একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবিতে বলা হচ্ছে, দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কজনিত কোনো বিষয়ও এর সঙ্গে জড়িত থাকতে পারে কি না, সেটিও খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। তবে পুলিশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
প্রাণীপ্রেম ও ঘরোয়া জীবনের সহজ-সরল মুহূর্ত তুলে ধরার মাধ্যমেই সায়নী ও তার মা দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তাদের ভিডিওতে পোষ্যদের যত্ন, দৈনন্দিন জীবনযাপন এবং পারস্পরিক সম্পর্কের আন্তরিকতা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করত। অনেক অনুসারী নিয়মিতভাবে তাদের পোষ্যদের জন্য উপহারও পাঠাতেন বলে জানা যায়।
সায়নীর মৃত্যুর পর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার কথাও আবার সামনে এসেছে। কয়েকদিন আগে নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে তিনি ও তার মা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে এক ঘটনায় বাকবিতণ্ডায় জড়ান। মন্দিরের অব্যবস্থাপনা এবং ছবি তোলা নিয়ে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
এসএ/এসএন