রণবীর-ফারহান বিরোধ মেটাতে চেষ্টা সালমানের
ছবি: সংগৃহীত
০৩:০৩ পিএম | ২৯ মে, ২০২৬
বলিউডের বহুল আলোচিত ‘ডন ৩’ সিনেমাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরব হলেন সালমান খান। রণবীর সিংয়ের ওপর এফডব্লিউআইসিই-এর নিষেধাজ্ঞা জারির পর বিষয়টি আরো আলোচনায় আসে।
এর মধ্যেই জানা গেছে, দুইপক্ষের মধ্যে সমঝোতা করানোর চেষ্টা করছেন বলিউড ভাইজান সালমান খান।
বলিউড হাঙ্গামাকে একটি সূত্র জানিয়েছে, ‘সালমান খান রণবীর সিংকে পছন্দ করেন। শুধু তাই নয়, ফারহান আখতারের পরিবারের সঙ্গে তার সম্পর্কও খুব ভালো। তাই তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের বলেছেন যে, তারা একে অপরকে এবং আসন্ন প্রকল্পগুলোকে ক্ষতি না করে সমস্যাটি সমাধান করুন।’
সূত্রটি আরো জানিয়েছে, সালমান ফারহানকে বুঝিয়েছেন যে, এই ইন্ডাস্ট্রিতে সৃজনশীল ভিন্নতা হওয়া সাধারণ বিষয়। তিনি রণবীরের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন, যাতে তার দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। তিনি উভয়ের মধ্যে মিল করানোর চেষ্টা করছেন যাতে কেউই মনে না করে যে, তাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র ঘটেছে।

এছাড়া সালমান নাকি ফারহান আখতার ও রণবীর সিংকে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এমনকি বিতর্ক থেমে গেলে ভবিষ্যতে নতুন কোনো প্রকল্পে একসঙ্গে কাজ করার কথাও বলেছেন তিনি।
বলা দরকার, ‘ডন ৩’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডন ২’-এর সাফল্যের পর ভক্তরা শাহরুখ খানের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। নির্মাতা ফারহান আখতারও চেয়েছিলেন, ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নতুন প্রজন্মের একজন অভিনেতাকে যুক্ত করতে। তবে ২০২৩ সালের দিকে শাহরুখ খান এই প্রকল্প থেকে সরে দাঁড়ান বলে খবর প্রকাশ হয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সিনেমার চিত্রনাট্য ও ধারণা নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর তিনি বড় পরিসরের বাণিজ্যিক সিনেমার দিকেই বেশি মনোযোগ দিতে চেয়েছিলেন।
এরপর এক্সেল এন্টারটেইনমেন্ট ঘোষণা দেয়, ‘ডন ৩’-এ নতুন ডন হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। কিন্তু ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা ও ট্রোল।
পরবর্তীতে শুটিং শুরুর আগেই খবর আসে, রণবীর সিং সিনেমাটি থেকে সরে গেছেন। জানা যায়, স্ক্রিপ্টে কিছু পরিবর্তন আনা হয়েছিল, যা অভিনেতার কাছে গ্রহণযোগ্য ছিল না। পাশাপাশি ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর নিজের সিনেমা নির্বাচনে পরিবর্তন আনতে চাইছিলেন তিনি।
রণবীরের সরে দাঁড়ানোর পর ফারহান আখতার এফডব্লিউআইসিই-এ অভিযোগ করেন। তার দাবি, শেষ মুহূর্তে অভিনেতার সিদ্ধান্ত বদলের কারণে প্রি-প্রোডাকশন ও বিদেশি শিডিউলের প্রস্তুতিতে ব্যয় হওয়া প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির মুখে পড়ে।
পরে সংগঠন রণবীর সিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি নোটিশের জবাব দেননি বলে অভিযোগ ওঠে। এরপর সংস্থাটি সংবাদ সম্মেলন করে রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেকটিভ’ জারির ঘোষণা দেয়। এর ফলে ইউনিয়নের সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদ, স্পট বয় ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত রণবীরের নতুন কোনো প্রকল্পে কাজ করবেন না বলে জানানো হয়।
এসএ/এসএন