© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দুজন’ গানকে মাস্টারপিস বলছেন দর্শকরা

শেয়ার করুন:
‘দুজন’ গানকে মাস্টারপিস বলছেন দর্শকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৮ পিএম | ২৯ মে, ২০২৬
আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম আলোচনায় রয়েছে ‘বনলতা সেন’। ভিন্নধর্মী বিষয়বস্তু আর চমৎকার নির্মাণশৈলী দিয়ে সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে সিনেমাটির গানগুলো প্রকাশের পর থেকে এটি নিয়ে দর্শকদের প্রত্যাশা যেন এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে।

এর আগে বাপ্পা মজুমদারের কণ্ঠে সিনেমাটির প্রথম গান ‘এখানে কেউ নেই’ মুক্তির পর দর্শকদের মাঝে ছবিটি নিয়ে অন্যরকম আশার আলো জাগে। এবার সেই ধারাবাহিকতায় ছবিটির দ্বিতীয় গান ‘দুজন’ যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, একইসঙ্গে দর্শকদের মাঝে সিনেমাটি দেখার এক অন্যরকম আগ্রহ তৈরি করেছে। ঈদের আগের দিন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবর-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হওয়ার পর থেকেই ‘দুজন’ গানটি নিয়ে প্রশংসা চলছে। মূলত, রূপসী বাংলার রূপকার জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘দুজন’ এর কথাগুলো হুবহু রেখে গানটি নির্মাণ হয়েছে, যে কবিতা সেলুলয়েডে এসে যেন এক নতুন মাত্রা যোগ করেছে।



প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, এই গানটিতে লুকিয়ে আছে মানুষের প্রেম, স্মৃতি, সময়, বিচ্ছেদ এবং অনুভূতির এক চিরন্তন ও গভীর মনস্তাত্ত্বিক দর্শন। কবির সেই চেনা লেখনীর গভীরতা, শরৎকালের ল্যান্ডস্কেপ, নিস্তব্ধতা এবং তারার নিচে চিরন্তন সান্ত্বনার খোঁজকে সুরের মূর্ছনায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। গানটির সুর ও কম্পোজিশন করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এর চমৎকার সংগীতায়োজন করেছেন বরেণ্য সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এবং এতে অত্যন্ত সুনিপুণ ও দরদ দিয়ে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

গানটি ইতোমধ্যে ৮৫ হাজার ভিউ স্পর্শ করেছে। তবে ভিউয়ের চেয়েও বড় বিষয় হলো গানটি শোনার পর শ্রোতা ও দর্শকদের মন্তব্য। ইউটিউবের মন্তব্যগুলোতে দেখা গেছে, শ্রোতারা এই গানটিকে এককথায় মাস্টারপিস’ বলে আখ্যা দিচ্ছেন। একজনের মন্তব্য এমন, ‘মাস্টারপিস! কবিতাটা যেভাবে গানে রূপ নিয়েছে, তা প্রশংসনীয়।’



গানটি শুনে সিনেমার মানও বিচার করেছেন কেউ কেউ। লিখেছেন, ‘ব্যবসাটাই সব কথা নয়। এই মুভিটা সাহিত্যপ্রেমী মানুষদের জন্য অনেক বড় পাওয়া হবে মনে হচ্ছে৷ আর কবিতাটিকে এত সুন্দর গান বানানো সম্ভব!’

এছাড়াও বিশেষভাবে দোলা রহমানের মায়াবী ও আবেগঘন কণ্ঠ এবং বাপ্পা মজুমদারের নিখুঁত মিউজিক অ্যারেঞ্জমেন্টের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রেড অক্টোবর প্রযোজিত ‘বনলতা সেন’ সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল নিজেই। একের পর এক মানসম্মত গান ও এর নান্দনিক ভিজ্যুয়াল দর্শকদের যেভাবে মুগ্ধ করছে, তাতে চলচ্চিত্রপ্রেমীদের ধারণা, এই ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শকদের জন্য একটি অনন্য, রুচিশীল ও ভিন্নধর্মী উপহার হতে যাচ্ছে।

এসএ/এসএন

মন্তব্য করুন