© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ

শেয়ার করুন:
মেশিনগানের সঙ্গে কিন্তু আমাকে ভালো মানিয়েছে : আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ৩০ মে, ২০২৬
দেশজুড়ে ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

একই সঙ্গে প্রশংসা পাচ্ছেন সিনেমার শিল্পীরা।

দর্শক চাহিদা বাড়ায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটির শো সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সে চারটি শো দিয়ে যাত্রা শুরু করা ‘মালিক’ বর্তমানে ১২টি শোতে প্রদর্শিত হচ্ছে।
সিনেমার প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় উপস্থিত ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমা ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন শুভ।

আলোচনার এক পর্যায়ে ‘মালিক’ সিনেমায় তাঁর মেশিনগান ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে অভিনেতা জানান, তিনি নিজেও শুরুতে পরিচালককে মেশিনগান ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কেন এটি রাখা হয়েছে, সে বিষয়ে পরিচালক সাইফ চন্দনই ভালো ব্যাখ্যা দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

তবে বিষয়টি নিয়ে রসিকতাও করেন শুভ। হাসতে হাসতে তিনি বলেন, ‘যে যাই বলুক না কেন, আমাকে কিন্তু মেশিনগানের সঙ্গে অনেক ভালো মানিয়েছে।’

সিনেমার সাফল্য-ব্যর্থতা নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেতা। শুভ বলেন, ‘আমার যতটা অভিজ্ঞতা হয়েছে, তাতে দেখেছি অনেক আশা করেছি, কিন্তু সেই ছবি হয়তো ততটা দর্শকনন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, কিন্তু সেই ছবি দর্শকনন্দিত হয়েছে।



সিনেমার বিষয় আসলে অনিশ্চিত। এটা আগে থেকে বলা যায় না। এটাই সিনেমার সৌন্দর্য।’

আলাপচারিতায় মায়ের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান তিনি। এ সময় তিনি জানান, অনুষ্ঠানে যে পাঞ্জাবিটি পরে এসেছেন, সেটি তাঁর মায়ের শাড়ি দিয়ে তৈরি।

এ প্রসঙ্গে শুভ বলেন, ‘আপনারা বোধহয় জানেন, আমি মা পাগল একটা ছেলে। এই মুহূর্তে আমি যে পাঞ্জাবি পরে আছি, এটাও আমার মায়ের শাড়ি দিয়ে বানানো। ঈদের সময় উনার সব শাড়ি দিয়ে আমি পাঞ্জাবি বানিয়েছি। একেকবার একেকটা পরি। ঈদে আমি আর কিছু পরি না।’

‘মালিক’ সিনেমায় মা-ছেলের আবেগঘন সম্পর্ক নিয়েও কথা বলেন আরিফিন শুভ। তাঁর ভাষ্য, বাস্তব জীবনেও তিনি মায়ের খুব কাছের মানুষ। আর সে কারণেই পরিচালক সাইফ চন্দন গল্পে সেই আবেগের প্রতিফলন রেখেছেন।

এসএন 

মন্তব্য করুন