‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার সহকারীকে কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০১:৪৪ পিএম | ৩০ মে, ২০২৬
বিশ্বজুড়ে কোটি দর্শকের কাছে তিনি চ্যান্ডলার বিং। জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’-এ তার কৌতুক আর অনবদ্য অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তিনি ‘ফ্রেন্ডস’খ্যাত হলিউড অভিনেতা ম্যাথিউ পেরি। কিন্তু সেই প্রিয় মুখের আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল ভক্তদের। এবার সেই মৃত্যুকে ঘিরে দীর্ঘ আইনি লড়াইয়ের শেষ অধ্যায়ও সম্পন্ন হলো।
অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী কেনেথ ইওয়ামাসাকে ৪১ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। অবৈধভাবে কেটামিন সরবরাহ এবং প্রাণঘাতী মাত্রার ইনজেকশন প্রয়োগে জড়িত থাকার দায়ে এই সাজা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ইওয়ামাসাকে দুই বছরের প্রবেশন এবং ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে তার সাজা কার্যকর হবে।

২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসার হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী ম্যাথিউ পেরিকে। পরে ময়নাতদন্তে জানা যায়, কেটামিন নামের একটি ওষুধের তীব্র প্রভাবে তিনি পানিতে ডুবে মারা যান। তদন্তে উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। কোনো চিকিৎসা প্রশিক্ষণ বা বৈধ অনুমোদন না থাকা সত্ত্বেও কেনেথ ইওয়ামাসা নিয়মিত পেরির শরীরে কেটামিন ইনজেকশন প্রয়োগ করতেন। মৃত্যুর দিনও তিনি অভিনেতাকে পরপর তিনটি ইনজেকশন দেন। এরপর কিছু সময়ের জন্য বাইরে চলে যান। ফিরে এসে হট টাবে পেরিকে নিথর অবস্থায় দেখতে পান।
ইওয়ামাসার আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন, তিনি কেবল তার নিয়োগকর্তার নির্দেশ পালন করেছিলেন। মাদকাসক্ত পেরিকে না বলার মতো অবস্থানে তিনি ছিলেন না। তবে বিচারক এই যুক্তি গ্রহণ করেননি। আদালতের মতে, চিকিৎসা-সংক্রান্ত কোনো যোগ্যতা ছাড়াই বিপজ্জনক ওষুধ প্রয়োগ করা গুরুতর অপরাধ। এর আগেই ২০২৪ সালের আগস্টে নিজের অপরাধ স্বীকার করেছিলেন ইওয়ামাসা।

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ইওয়ামাসার সাজা ঘোষণার মধ্য দিয়ে আড়াই বছর ধরে চলা এই বহুল আলোচিত মামলার আইনি প্রক্রিয়া শেষ হলো। এর আগে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জাসভিন সাংঘা, যিনি ‘কেটামিন কুইন’ নামে পরিচিত, ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। এছাড়া এই ঘটনায় জড়িত দুই চিকিৎসক ও অন্য সহযোগীরাও বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করছেন।
টেলিভিশনের পর্দায় লাখো মানুষকে হাসিয়েছিলেন ম্যাথিউ পেরি। তার মৃত্যু আজও মেতে নিতে পারেন না দর্শক। প্রিয় অভিনেতার এভাবে চলে যাওইয়া আজও ভাবায় তার ভপক্তদের।
সূত্র: ভ্যারাইটি
এসএন