© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া

শেয়ার করুন:
সিনেমা ভালো না লাগলে টাকা ফেরত দেবে জাজ মাল্টিমিডিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ৩০ মে, ২০২৬
কুরবানির ঈদে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। ঈদের ছুটিতে দর্শকদের সিনেমাহলে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেই আলোচনায় রয়েছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘মাসুদ রানা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।

ঈদের দিন মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ দাবি করেন, এবারের ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’।একই সঙ্গে দর্শকদের জন্য দেন এক ব্যতিক্রমী ঘোষণা। আব্দুল আজিজ বলেন, যদি কারও কাছে সিনেমাটি খারাপ লাগে, তাহলে টিকিটের পেছনে নাম ও বিকাশ নম্বর লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দিলেই টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।

নতুন অভিনেতা-অভিনেত্রী নিয়ে সিনেমা নির্মাণের বিষয়টিও উল্লেখ করেন তিনি। বলেন, আমাদের সিনেমায় নতুন নায়ক-নায়িকা কাজ করেছেন। নতুন বলে হয়তো শুরুতে তারা কিছুটা কম গুরুত্ব পাবেন। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার প্রতি মানুষের দীর্ঘদিনের আস্থা আছে। 



এ সময় আরও বড় ঘোষণা দিয়ে আব্দুল আজিজ বলেন, এই ছবি যদি ঈদের সেরা ছবি না হয়, তাহলে জাজ মাল্টিমিডিয়া আর কোনো দিন সিনেমা বানাবে না। আমিও আর সিনেমা প্রযোজনা করব না। মুক্তির প্রথম দিনের দর্শক উপস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, প্রথম দিনের টিকিট বিক্রি প্রত্যাশা অনুযায়ী হয়েছে এবং পরবর্তী দিনের অগ্রিম বুকিংও বেশ ভালো।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মধ্যেও ‘মাসুদ রানা’ দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সএন 

মন্তব্য করুন