মা হারালেন অজিত কুমার
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ৩০ মে, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমারের মা মোহিনী মণি আর নেই। শনিবার (৩০ মে) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
টাইমস অব ইন্ডিয়া বলছে, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় কয়েক দিন ধরে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহিনী মণি। সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিকে মায়ের মৃত্যুর সময় দুবাইয়ে ছিলেন অজিত কুমার।
একটি বিশেষ কাজে সেখানে গিয়েছিলেন তিনি। দুঃসংবাদ পাওয়ার পরপরই দ্রুত চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন অভিনেতা। তিনি দেশে ফেরার পরই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলে জানা গেছে। তবে এখনো শেষকৃত্যের নির্দিষ্ট সময় জানানো হয়নি।
মোহিনী মণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অজিতের বাড়িতে ভিড় করছেন তামিল চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা ও শুভাকাঙ্ক্ষী।
অভিনেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এম কে স্ট্যালিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, অজিত কুমারের মায়ের মৃত্যুসংবাদ গভীরভাবে ব্যথিত করেছে। এই কঠিন সময়ে অজিত ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।মায়ের সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলিই যেন এই শোক সামলে ওঠার শক্তি জোগায় অজিতকে, সেই প্রার্থনা করি।
উল্লেখ্য, অজিত কুমারের বাবা-মা সবসময় প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করতেন। ছেলের তারকাখ্যাতি থাকা সত্ত্বেও তাঁরা ব্যক্তিগত জীবনযাপন করেছেন এবং খুব কমই জনসমক্ষে দেখা দিয়েছেন। ফলে তাঁদের সম্পর্কে সাধারণ মানুষের জানাশোনা তুলনামূলকভাবে কম ছিল।
এসএন