ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের ‘বিশেষ উপহার’
ছবি: সংগৃহীত
০৪:৩৭ পিএম | ৩০ মে, ২০২৬
চলতি বছরের ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শুরুর আগেই নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিনোদন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের ‘বিশেষ উপহার’ দেয়া ওয়েব সিরিজটির নাম ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’।
ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের এমন ‘বিশেষ উপহার’-এ উচ্ছ্বসিত ব্রাজিলপ্রেমীরা। ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে ফুটবল সম্রাট পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে।
শুক্রবার (২৯ মে) বিশ্বজুড়ে নেটফ্লিক্সে পাঁচ পর্বের এ স্পোর্টস ড্রামা সিরিজটির স্ট্রিমিং শুরু হয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। সিরিজটির নেপথ্য ক্রিয়েটর হিসেবে কাজ করেছেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস।

পর্তুগিজ ভাষায় নির্মিত এ সিরিজে কিংবদন্তি পেলের ভূমিকায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা। তৎকালীন দুই বিখ্যাত কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালোর চরিত্রে অভিনয় করেছেন ব্রুনো মাজ্জেও। সিরিজটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মার্সেলো আদনেত (ইউসেবিও তিসেইরা), ব্রুনা মাসকারেনহাস (রোজমেরি) ও গুই ফেররাজকে (জাইরজিনহো)।
সিরিজটিতে তুলে ধরা হয়েছে তৎকালীন ফুটবলার ও কোচদের ড্রেসিংরুমের ভেতরের নানা অজানা কথাবার্তা ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের নাটকীয়তা। ১৬ বছর ঊর্ধ্বের দর্শকদের জন্য নির্মিত সিরিজটি সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই সিরিজটি মুক্তি পাওয়ায় এটি উন্মাদনা ছড়াচ্ছে ফুটবল প্রেমীদের মনে।
আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জমকালো আসর, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বের ৪৮টি দলের ফুটবল নিয়ে লড়াকু আসর।
এসএ/টিএ