ঋতুপর্ণকে স্মরণ করে আবেগঘন বার্তা প্রসেনজিতের
ছবি: সংগৃহীত
০৫:৪৬ পিএম | ৩০ মে, ২০২৬
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। শনিবার (৩০ মে) পরিচালকের প্রয়াণ দিবসে ফেসবুকে তাদের একটি পুরোনো ছবি শেয়ার করে এই অভিনেতা তার প্রিয় বন্ধু ও মেন্টরকে স্মরণ করেন।
ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লেখেন, “আজও মনে হয়, হঠাৎ ফোন করে বলবি- ‘বুম্বা, একটা গল্প আছে।’ ভালো থাকিস, ঋতু।”
ছোট্ট এই বার্তার মধ্য দিয়ে ঋতুপর্ণের সঙ্গে তার দীর্ঘদিনের গভীর সম্পর্ক এবং আকস্মিক হারানোর শূন্যতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা। ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর পর এক যুগেরও বেশি সময় পার হলেও দুই বন্ধুর এই স্মৃতি নেটিজেন ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋতুপর্ণ ঘোষ ও প্রসেনজিৎ চ্যাটার্জিরা ছিলেন অন্যতম সফল ও প্রভাবশালী। প্রসেনজিতের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘উনিশে এপ্রিল’, ‘চোখের বালি’, ‘দোসর’, ‘উৎসব’ ও ‘খেলা’র মতো প্রশংসিত চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছিল ঋতুপর্ণের হাত ধরেই।
চলচ্চিত্র অঙ্গনে প্রসেনজিৎ ‘বুম্বা’ নামেই পরিচিত এবং ঋতুপর্ণ তাকে এই নামেই ডাকতেন। নতুন কোনো সিনেমার ভাবনা মাথায় এলেই ঋতুপর্ণ ফোন করতেন প্রসেনজিৎকে, আর সেই পুরোনো অভ্যাসের কথাই আজ অভিনেতার স্মৃতিচারণায় উঠে এসেছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন বরেণ্য এই পরিচালক। তার আকস্মিক প্রস্থান বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটি বড় ধাক্কা ছিল। তার কাজের মাধ্যমে ঋতুপর্ণ ঘোষ আজও দুই বাংলার দর্শক ও চলচ্চিত্রকর্মীদের মনে বিশেষভাবে বেঁচে আছেন।
এসএ/টিএ