© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এআই অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বরুণের

শেয়ার করুন:
এআই অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বরুণের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ পিএম | ৩০ মে, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এবার নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
এ বিষয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

অভিনেতার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতও অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে। শুক্রবার বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বরুণ ধাওয়ান অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়া বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিগত পরিচিতি ব্যবহার করা হচ্ছে।



অভিনেতার দাবি, শুধু সাধারণ কনটেন্টই নয়, তাঁর নামে ডিপফেক ভিডিও, বিকৃত ছবি এবং বিভ্রান্তিকর বিভিন্ন লিংকও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তির জন্য ক্ষতিকর। অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় নিয়ে আদালত সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এমন কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের কনটেন্ট আর ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আদালতের নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বরুণ ধাওয়ানের নাম, ছবি বা কণ্ঠস্বর তাঁর অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এআইনির্ভর ডিপফেক ও ভুয়া কনটেন্টের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেক তারকা। এর আগে একই ধরনের আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, করণ জোহর, নাগা চৈতন্য, অর্জুন কাপুর, আল্লু অর্জুন, কাজল, বিবেক ওবেরয় এবং কুমার শানুসহ আরো অনেক তারকা।

এসএ/টিএ


মন্তব্য করুন