© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাব্যতা ঠিক রাখলে ফিরবে নৌপরিবহনের ঐতিহ্য: নৌপ্রতিমন্ত্রী

শেয়ার করুন:
নাব্যতা ঠিক রাখলে ফিরবে নৌপরিবহনের ঐতিহ্য: নৌপ্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ পিএম | ৩১ মে, ২০২৬
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন এবং নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল ও নাব্যতা ঠিক রাখা গেলে দেশের নৌপরিবহনের পুরনো ঐতিহ্য ফিরে আসবে। এর সুফল ভোগ করবে সাধারণ জনগণ।

রোববার (৩১ মে) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নৌপ্রতিমন্ত্রী বলেন, আমরা যদি লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিকায়ন করতে পারি এবং ড্রেজিংয়ের মাধ্যমে নদীপথগুলো সচল রাখতে পারি, তাহলে নৌপথ আবারও মানুষের আস্থার বাহনে পরিণত হবে। আমরা চাই নৌপথ তার হারানো ঐতিহ্য ফিরে পাক।

শতবর্ষী স্টিমারগুলোর বিষয়ে তিনি বলেন, পুরনো স্টিমারগুলো বারবার মেরামত করা হয়েছে। বর্তমানে একটি সচল থাকলেও বাকি স্টিমারগুলো নৌপথে চলাচলের জন্য উপযোগী নয়। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। তবে এসব ঐতিহ্যবাহী স্টিমারকে বিকল্পভাবে কীভাবে কাজে লাগিয়ে জনসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়েও আমরা চিন্তা করছি।

তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপদ ও নির্ভরযোগ্য যাতায়াত নিশ্চিত করতে নৌমন্ত্রণালয় কাজ করে যাবে। নৌপথকে আবারও জনগণের আস্থার বাহন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ঈদ শেষে নৌপথে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে ফিরতে কাজ করছে সরকার। বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যেসব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।

চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই টার্মিনালের কিছু অংশ কাজ করা হয়েছে। কিন্তু ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে। তাই নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে। এর ফলে চাঁদপুর নদী বন্দর তার ঐতিহ্য ফিরে পাবে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উচ্চগতির নৌযানের জন্য সরকার কাজ করছে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. কামরুজ্জামানসহ স্থানীয় বিএনপির এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন