© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোমতী নদীতে নৌপথ সচলে সম্ভাব্যতা যাচাই

শেয়ার করুন:
গোমতী নদীতে নৌপথ সচলে সম্ভাব্যতা যাচাই

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৭:৫৬ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচল করার সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) দাউদকান্দিতে গোমতী নদীর শেষ প্রান্ত থেকে শুরু করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নদীপথের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। 

এ সময় কুমিল্লা-৬ আসেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, ‘সরেজমিনে পরিদর্শন ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গোমতী নদীর ঢাল অন্যান্য নদীর তুলনায় বেশি। ফলে পানি দ্রুত মেঘনায় চলে যায়। নদীতে স্বাভাবিক প্রবাহ ধরে রাখতে হলে আরও গভীর করে খনন করতে হবে। এ ছাড়া উজানের বাঁধ দিয়ে সব সময় পানি ছাড়া হয় না। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌ-প্রটোকল চুক্তির (PIWTT) দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীর এই নৌপথ অন্তর্ভুক্ত করা হয়। তবে নদীর নাব্যতা সংকটসহ বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীতে নৌপথ সচলের উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় সম্ভাব্যতা যাচাইয়ে নদীপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান।

এমআর/ 

মন্তব্য করুন