দুনিয়ার কোনো সিনেমাই সব দর্শকের না: হিমেল আশরাফ
ছবি: সংগৃহীত
০৬:১৩ পিএম | ৩১ মে, ২০২৬
‘এই সিনেমা সব দর্শকের জন্য না’, মন্তব্যের সমালোচনা করলেন হিমেল আশরাফ বিভিন্ন সময়েই দর্শক যখন কোনো সিনেমার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তখনই নির্মাতাদের বলতে শোনা যায়, ‘এই সিনেমা সব দর্শকের জন্য না’। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সিনেমা ঘিরে এবং বাংলা চলচ্চিত্রের বর্তমান ধারা ও দর্শক-সংস্কৃতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা হিমেল আশরাফ।
এক ফেসবুক স্ট্যাটাসে এবার ‘এই সিনেমা সব দর্শকের না’- মন্তব্যের সমালোচনা করেন তিনি।
হিমেল বলেন, ‘দুনিয়ার কোনো সিনেমাই সব দর্শকের না। কিন্তু আপনার সিনেমা যদি খুব স্পেসিফিক কোনো দর্শকের জন্যই হয়, সেটা মুক্তির আগেই স্পষ্ট করে জানাবেন। তাতে মধ্যবিত্ত মানুষের টাকা ও সময় নষ্ট হবে না।’
একই সঙ্গে তিনি মনে করেন, শুধু পরীক্ষামূলক নির্মাণের জন্য প্রযোজকদের বড় অঙ্কের বিনিয়োগ ঝুঁকির মুখে ফেলা ঠিক নয়।
নির্মাতা লিখেন, ‘সব দর্শকের জন্য না বানালে নিজের টাকায় সিনেমা বানাবেন, প্রযোজকের কোটি কোটি টাকা নষ্ট করে এক্সপেরিমেন্ট কইরেন না। তাহলে অন্তত ইন্ডাস্ট্রি থেকে প্রযোজকগুলো আমরা হারাব না।’ দর্শকদের রুচি ও গ্রহণক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে হিমেল বলেন, ‘এই দেশে যেমন প্রিয়তমা, তুফান, বরবাদ সুপারহিট হয়েছে, তেমনি মনপুরা, হাওয়া, বনলতা এক্সপ্রেসও সুপারহিট হয়েছে।
দয়া করে এই দেশের দর্শকের ম্যারিট নিয়ে প্রশ্ন তুলবেন না।’
সর্বশেষে তিনি লেখেন, ‘আপনার সিনেমা যদি নির্মাণের টাকাও না তুলতে পারে তাহলে সেটা ঠিক কোন দর্শকের জন্য বানিয়েছেন, নিজেকে প্রশ্ন করেন।’
এসএ/টিএ