© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐশ্বরিয়াকে নিয়ে কী বললেন মাধুরী দীক্ষিত?

শেয়ার করুন:
ঐশ্বরিয়াকে নিয়ে কী বললেন মাধুরী দীক্ষিত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৫ পিএম | ৩১ মে, ২০২৬
কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছরই আলোচনার কেন্দ্রে থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে প্রশংসার পাশাপাশি সামাজিক মাধ্যমে তাকে ঘিরে শুরু হয় নানা সমালোচনা। বিশেষ করে তার শারীরিক গড়ন, পোশাক ও বয়স নিয়ে কটাক্ষ করতে দেখা যায় অনেককে। সেই সমালোচনার মাঝেই সহ-অভিনেত্রী ঐশ্বরিয়ার পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত।

একসময় ‘দেবদাস’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মাধুরী ও ঐশ্বরিয়া। সেই সময় দুই অভিনেত্রীকে নিয়ে দর্শক ও গণমাধ্যমে ব্যাপক তুলনা চলেছিল। বছর পেরিয়ে গেলেও ঐশ্বরিয়াকে ঘিরে আলোচনার ধরন খুব একটা বদলায়নি বলে মনে করছেন অনেকে। আর এবার সেই প্রসঙ্গেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মাধুরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, বর্তমান সময়ে তারকাদের প্রতি মানুষের আচরণ কি আগের চেয়ে বেশি কঠোর হয়ে উঠেছে? জবাবে মাধুরী বলেন, অন্যকে নিয়ে মন্তব্য করার মানুষ আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। পার্থক্য শুধু একটাই- আগে তাদের মত প্রকাশের সুযোগ সীমিত ছিল, আর এখন সামাজিক মাধ্যমের কারণে সবাই সহজেই নিজের মতামত প্রকাশ করতে পারছে।



ঐশ্বরিয়ার সমালোচনার প্রসঙ্গে মাধুরী মনে করিয়ে দেন, কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর দীর্ঘ পথচলার কথা। তার ভাষায়, প্রায় দুই দশক ধরে ঐশ্বরিয়া আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিত মুখও।

মাধুরীর মতে, এমন একজন ব্যক্তিত্বকে কেবল ওজন, পোশাক বা বয়সের মাপকাঠিতে বিচার করা উচিত নয়। তিনি বলেন, ঐশ্বরিয়া দেখতে সুন্দর, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তিনি একজন সুন্দর মনের মানুষ। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এ বিষয়ে নিশ্চিত বলেও জানান।

এ সময় সামাজিক মাধ্যমে চলা সমালোচনার নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাধুরী। তার মতে, একজন মানুষের মূল্য শুধু বাহ্যিক সৌন্দর্য বা শারীরিক গড়নের ওপর নির্ভর করে না। বরং তার অর্জন, কাজ এবং ব্যক্তিত্বই হওয়া উচিত মূল্যায়নের প্রধান মানদণ্ড।

তিনি আরও বলেন, এ ধরনের মন্তব্য নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়। একজন মানুষের সাফল্য ও অবদানকে উপেক্ষা করে শুধুমাত্র তার চেহারা নিয়ে আলোচনা করা কোনোভাবেই ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে না।ঐশ্বরিয়াকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার মধ্যে মাধুরীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, বাহ্যিক রূপের চেয়ে একজন মানুষের অর্জন ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, তা বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

এসএ/টিএ

মন্তব্য করুন