© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিনেমার নামকরণ নিয়ে মনোজকে হুমকি, উদ্বেগ প্রকাশ অভিনেতার

শেয়ার করুন:
সিনেমার নামকরণ নিয়ে মনোজকে হুমকি, উদ্বেগ প্রকাশ অভিনেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৪ এএম | ০১ জুন, ২০২৬
হিন্দি ওয়েবসিরিজ ‘ফ্যামিলি ম্যান’ ও ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ দিয়ে দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী।

শোনা যাচ্ছে, এবার বলিউডে একটি নতুন সিনেমা আসছে তার। কিন্তু সিনেমাটির নাম নিয়ে হুমকির মুখে অভিনেতা; যা নিয়ে উদ্বেগ তার।

মূলত, তার নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’ ঘোষণার পর থেকেই এর নাম নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন অভিনেতা ও সিনেমার কলাকুশলীরা। চলতি বছরের শুরুতে ছবির নাম প্রকাশ্যে আসার পর ভারতের উত্তর প্রদেশের লখনউয়ে পরিচালক নীরজ পাণ্ডে ও নির্মাতাদের বিরুদ্ধে একটি মামলাও (এফআইআর) দায়ের করা হয়।

দীর্ঘ নীরবতার পর অবশেষে এই বিতর্ক, সামাজিক মাধ্যমে সমালোচনা এবং তাকে দেওয়া হুমকি নিয়ে মুখ খুলেছেন মনোজ বাজপেয়ী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানান, সিনেমার নাম নিয়ে সৃষ্ট বিতর্কটি এত বড় আকার ধারণ করবে, তা তিনি কল্পনাও করেননি। এই ঘটনার পর তাকে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রল ও গালিগালাজের শিকার হতে হয়েছে। এমনকি তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পাশাপাশি তার পরিবারকেও এই বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছিল, যা তাকে বেশ ব্যথিত করেছে। 



পুরো বিষয়টি না জেনেই মানুষ যেভাবে হুট করে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অভিনেতা বলেন, বর্তমানে সামাজিক মাধ্যমে মানুষ ভীষণ অধৈর্য হয়ে পড়েছে এবং না জেনেই মতামত দিতে ব্যস্ত থাকে। না জেনে মন্তব্য করা ব্যক্তিদের সঙ্গে তর্ক করার কোনো মানে হয় না। যারা আপনাকে কাদায় নামাতে চায়, তাদের সঙ্গে কাদায় নামা উচিত নয়।

মূলত ‘পণ্ডিত’ শব্দটিকে দুর্নীতির সঙ্গে জুড়ে দিয়ে একটি বিশেষ সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে বলে এমন অভিযোগ তুলে ছবির নাম নিয়ে আপত্তি জানানো হয়েছিল। অভিযোগে বলা হয়, এই নাম সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে।

অবশ্য বিতর্ক শুরুর মাত্র দুই দিনের মাথায় নির্মাতারা ক্ষমা চেয়ে সিনেমার নাম পরিবর্তন করতে রাজি হন। নাম পরিবর্তনের বিষয়ে মনোজ বাজপেয়ী বলেন, ব্যক্তিগতভাবে তার মনে হয়েছে নাম বদলানো খুব বড় কোনো বিষয় নয়। সৃজনশীল মানুষ চাইলে এমন আরও দশটি আকর্ষণীয় নাম তৈরি করতে পারেন।

কেএন/এসএন

মন্তব্য করুন