© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা

শেয়ার করুন:
ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ০২ জুন, ২০২৬
ইতালিতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। ঢাকায় দেশটির ভিসা প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল সোমবার (১ জুন) এই নির্দেশনার কথা জানায়।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইউনিভার্সিটি পোর্টালে নিয়মিত নিবন্ধন করেছেন, তাদের সঙ্গে ভিএফএস গ্লোবাল ইমেইলের মাধ্যমে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হবে। আলাদা করে শিক্ষার্থীকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে না। ইউনিভার্সিটিতে তাদের নিবন্ধনের জন্য আবেদনকারীরা যে ইমেল ঠিকানা ব্যবহার করেছিলেন, সেই একই ইমেইলে ভিএফএস যোগাযোগ করবে।

শিক্ষার্থীদের স্পন্সর কারা হতে পারবেন, সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায়। এ‌তে বলা হ‌য়ে‌ছে, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা-ফুপু, মামা-খালা এবং কাজিনের আর্থিক গ্যারান্টিও গ্রহণ করা হবে। এমনকি ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পনসর হতে পারবেন।

নির্দেশনায় আরও বলা হ‌য়ে‌ছে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট বাধ্যতামূলক। ভাষার ক্ষেত্রে দূতাবাস কেবল বিশ্বব্যাপী স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট গ্রহণ করবে, যেখানে মৌখিক বোধগম্যতা, লিখিত বোধগম্যতা, কথা বলা এবং লেখার ক্ষেত্রে আবেদনকারীর ভাষাগত দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ করা থাকতে হবে।  

এ ছাড়া, আবেদনের সঙ্গে আবেদনকারীর অধ্যয়নের সত্যতার প্রমাণ হিসেবে সিআইএমইএ কিংবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু জমা দেওয়ার জন্য অনুরোধ করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির জন্য স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২৯ অক্টোবর।

এমআর/টিএ  

মন্তব্য করুন