ওয়েলকামের আইকনিক গানের রিমেকে ক্যাটরিনাকে মিস করছেন ভক্তরা
ছবি: সংগৃহীত
১১:০৭ এএম | ০২ জুন, ২০২৬
২০০৭ সালের ব্লকবাস্টার ছবি ‘ওয়েলকাম’-এর সেই আইকনিক গান ‘উঁচা লাম্বা কাধ’ মনে আছে? দীর্ঘ দুই দশক পর সেই জনপ্রিয় গানটিকে নতুনভাবে ফিরিয়ে এনেছেন ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ছবির নির্মাতারা। তবে নতুন সংস্করণের এই ‘উঁচা লাম্বা কাধ ফরেভার’ গানটি একেবারেই মন জয় করতে পারেনি দর্শকদের।
পর্দায় অক্ষয় কুমারের সঙ্গে দিশা পাটানির উপস্থিতি মূল গানের ক্যাটরিনা কাইফের ক্যারিশমার কাছে পুরোপুরি নিষ্প্রভ লেগেছে বলে নেটপাড়ায় চলছে তীব্র সমালোচনা।

নতুন এই রিমেক গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম মন্ট্রোজ এবং কণ্ঠ দিয়েছেন মূল গানের গায়ক আনন্দ রাজ আনন্দ। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে সমালোচনার ঝড় তুলেছেন ভক্তরা। অনেকের মতে, পর্দায় দিশা পাটানির উপস্থিতি ক্যাটরিনার প্রাণচাঞ্চল্যের ধারেকাছেও যেতে পারেনি।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ক্যাটরিনার পর্দায় যে উপস্থিতি আর ব্যক্তিত্ব ছিল, নতুন গানে দিশার তা একেবারেই শূন্য।’ অনেকেই প্রশ্ন তুলেছেন, স্পেশাল এই গানটির জন্য কেন ক্যাটরিনাকেই আবার ফিরিয়ে আনা হলো না। ভক্তদের বড় একটি অংশ মনে করছেন, এই রিমেকটি মূল কাল্ট-ক্লাসিক গানটির প্রতি এক ধরণের অসম্মান।
উল্লেখ্য, জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম’-এর তৃতীয় কিস্তি হতে যাচ্ছে এই ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবিটি।
আহমেদ খান পরিচালিত এই সিনেমাটিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি এবং জ্যাকলিন ফার্নান্দেজসহ ৩০ জনেরও বেশি তারকার এক বিশাল বহর রয়েছে। তবে এত বড় তারকা সমাবেশ থাকলেও মূল ছবির আইকনিক দুই চরিত্র মজনু ভাই (অনিল কাপুর) ও উদয় শেঠি (নানা পাটেকর)-কে এবার পর্দায় দেখা যাবে না। নানা জটিলতায় দীর্ঘ বিলম্বের পর আগামী ২৬ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কেএন/এসএন