© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটক-সিনেমার সহিংসতা নিয়ে ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ

শেয়ার করুন:
নাটক-সিনেমার সহিংসতা নিয়ে ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ০২ জুন, ২০২৬
খুন-হত্যা-ধর্ষণ বেড়ে যাওয়ার ইস্যুতে দেশের চলচ্চিত্র এবং নাটকের বিতর্কিত কনটেন্ট নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ। এসব বিতর্কিত কনটেন্টকে কেন্দ্র করেই সমাজ বিপথে যাচ্ছে দাবি তুলে রাষ্ট্রের কঠোর আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেন তিনি।

মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রিন্স মাহমুদ শোবিজের কিছু মানুষকে ইঙ্গিত করে জানান, বিনোদন মাধ্যমে কিছু মানুষ রয়েছেন যারা খুন-হত্যা-ধর্ষণের বিচার দাবি করেন আবার বিনোদন দুনিয়ায় অপরাধ করাকে প্রশ্রয় দেন। এমন দ্বিচারিতার কঠোর সমালোচনা করেন গায়ক।

পোস্টে প্রিন্স মাহমুদ আরও জানান, পেনাল কোড (১৮৬০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী অপরাধকে উসকে দেয়া আপত্তিকর কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার প্রতি জোর দাবি তোলেন তিনি।

সময়ের পাঠকের জন্য সুরকার ও সংগীতশিল্পী প্রিন্স মাহমুদের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো-

‘দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা করার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার বিচারের দাবি করবেন আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন এ কেমন দ্বিচারিতা?’

পোস্টের কমেন্ট বক্সে এ প্রসঙ্গে তিনি আরও লেখেন,

‘দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি অত্যন্ত সময়োপযোগী। বর্তমানে বিদ্যমান পেনাল কোড (১৮৬০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।’

ক্ষোভ প্রকাশ করে এরপর গায়ক লেখেন, ‘নিজের বেলায় আইন আর অপরের বেলায় ভিন্ন নিয়ম? আমাদের নিজেদের বিবিধ প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় পত্রিকার সাথে জড়িত যারা নিজেরাই সময় অসময়ে শিল্পীদের নিয়ে মাদক ও সহিংসতা বিরোধী প্রচার চালান আবার বিতর্কিত কনটেন্ট এ পয়সা বিনিয়োগ করেন, কী আশ্চর্য? ইদানিং আবার সিনেমা হলে বয়োজ্যেষ্ঠদের দিয়ে এসব কনটেন্ট এর প্রশংসা করানো হচ্ছে, কি লজ্জা, ছিঃ! এদের প্রত্যেককে দাগযুক্ত করুন।’

এসএ/টিকে


মন্তব্য করুন