© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুই নায়িকার মাঝে শাহিদ, প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ঝলক

শেয়ার করুন:
দুই নায়িকার মাঝে শাহিদ, প্রকাশ্যে ‘ককটেল ২’-এর ঝলক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ পিএম | ০২ জুন, ২০২৬
বলিউড অভিনেতা শাহিদ কাপুর সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন না। বিতর্ক থেকেও দূরে থাকেন তিনি। তবে এবার তাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ত্রিকোণ প্রেমের গল্পে জড়িয়ে পড়া এক শাহিদের ছবি। যদিও বাস্তব জীবনে নয়, এই জটিল সম্পর্কের গল্প দেখা যাবে তার নতুন সিনেমায়।

মঙ্গলবার প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত ‘ককটেল ২’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা এবং কৃতি শ্যাননের ত্রিভুজ প্রেমের গল্প।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছিল সে সময়ের অন্যতম সফল সিনেমা। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টিকে নিয়ে নির্মিত সেই ছবিতে বন্ধুত্ব, প্রেম, আত্মত্যাগ এবং সম্পর্কের জটিলতা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শকরা।

দীর্ঘ প্রতীক্ষার পর নির্মাতারা নিয়ে এলেন ‘ককটেল ২’। তবে এবার বদলে গেছে তারকাদের মুখ। নতুন গল্পে দেখা যাবে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা ও কৃতি শ্যাননকে। ট্রেলারে তাদের সম্পর্কের উত্থান-পতন, বন্ধুত্ব, প্রেম এবং ভুল বোঝাবুঝির নানা দিক তুলে ধরা হয়েছে।



ট্রেলারের শুরুতেই শাহিদের চরিত্রকে সম্পর্ক নিয়ে গভীর এক মন্তব্য করতে দেখা যায়। নতুন সম্পর্কের আকর্ষণ, নতুন মানুষের প্রতি আগ্রহ এবং জীবনের নতুন গল্পের প্রতি কৌতূহল—এসব অনুভূতির মধ্য দিয়েই এগোতে থাকে গল্প। এরপর কাহিনির প্রেক্ষাপট চলে যায় ইতালিতে, যেখানে একদিকে রশ্মিকার সঙ্গে শাহিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, অন্যদিকে স্বাধীনচেতা ও প্রাণবন্ত এক তরুণীর চরিত্রে হাজির হন কৃতি।

প্রথমে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে শাহিদকে ঘিরে দুই নারীর সম্পর্কের সমীকরণ বদলে যেতে শুরু করে। প্রেম, অভিমান, টানাপোড়েন এবং বিচ্ছেদের আবহে তৈরি হয় এক জটিল পরিস্থিতি। আর সেই আবেগঘন যাত্রাই সিনেমার মূল আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করছেন দর্শকরা।

ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুলনা। অনেকেই ২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর সঙ্গে নতুন ছবিটির মিল-অমিল খুঁজছেন। পুরোনো ছবির কিছু জনপ্রিয় গানের নতুন সংস্করণও ট্রেলারে ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়েছে। তবে গল্পের মূল কাঠামোতে খুব বেশি পরিবর্তন না এনে নির্মাতারা সম্পর্কের চিরন্তন টানাপোড়েনকেই আবারও বড় পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন।

এখন দেখার বিষয়, নতুন প্রজন্মের এই ‘ককটেল’ দর্শকদের হৃদয়ে আগের ছবির মতোই জায়গা করে নিতে পারে কি না। সেই উত্তর মিলবে আগামী ১৯ জুন, যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এসএ/টিএ

মন্তব্য করুন