মুক্তি পেল রুবা মজুমদারের নতুন গান
ছবি: সংগৃহীত
০৮:২৫ পিএম | ০২ জুন, ২০২৬
সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’ মুক্তি পেয়েছে। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতোমধ্যে শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করেছে।
গানটির কথা ও সুর করেছেন এস. আই. খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবা মজুমদার। গানটি প্রসঙ্গে রুবা মজুমদার বলেন, ‘ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও আরও ভালো গান করতে চাই, সুন্দর সুন্দর গান গাইতে চাই। আমাদের বাংলা সিনেমাতেও গান করতে চাই।’

গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ এবং রুবা মজুমদার। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ।
২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান গেয়ে আলোচনায় আসেন রুবা। পরে আরটিভি ফোক স্টেশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এরই মধ্যে জি-সিরিজ ও লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে তার কয়েকটি মৌলিক ও ফোক গান। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করে আসছেন।
এসএ/টিএ