ফেডারেশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে রণবীর সিং
ছবি: সংগৃহীত
০১:৩৮ পিএম | ০৩ জুন, ২০২৬
‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে বলিউড অভিনেতা রণবীর সিং এবং চলচ্চিত্রকর্মীদের সংগঠন এফডব্লিউআইসিই-এর মধ্যকার বিরোধ এবার আদালতে গড়িয়েছে। ছবিটির নির্মাতা ফারহান আখতারের অভিযোগের পর, ওই সংগঠনটি তাদের সদস্যদের রণবীরের কোনো সিনেমায় কাজ না করার নির্দেশ দেয়।
সংগঠনটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠিয়েছেন রণবীর সিং। মঙ্গলবার (২ জুন) পাঠানো এই নোটিশে সংগঠনটিকে আদালতে জবাব দিতে বলা হয়েছে।
সিনেমার প্রযোজকদের দাবি, ছবিটির প্রস্তুতির পেছনে ইতিমধ্যে প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়ে গেছে। শুটিং শুরুর মাত্র কয়েক দিন আগে রণবীর সিনেমাটি ছেড়ে দেওয়ায় তারা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সংগঠনের সভাপতি অশোক পণ্ডিত জানান, রণবীরকে বারবার মেসেজ পাঠালেও কোনো জবাব না পাওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছেন। তবে আদালতের নিয়ম অনুযায়ী, ২০১৭ সালেই ভারতের প্রতিযোগিতা কমিশন জানিয়েছিল যে কোনো অভিনেতার ওপর এভাবে জোর করে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা এই সংগঠনের নেই।
এই পুরো বিতর্ক নিয়ে রণবীর সিং নিজে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তার মুখপাত্র জানিয়েছেন, রণবীর চলচ্চিত্র জগতের সবার প্রতি শ্রদ্ধাশীল এবং কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করেন না বলেই চুপ আছেন।
২০২৩ সালে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর ‘ডন ৩’-এর নতুন নায়ক হিসেবে রণবীরের নাম ঘোষণা করা হয়েছিল। এই আইনি লড়াইয়ের পর এখন বলিউডের সিনেমা চুক্তি ও শ্রমিক সংগঠনগুলোর ক্ষমতার নিয়ম অনেকটাই বদলে যেতে পারে।
সূত্র : ফিল্মিবিট
কেএন/টিএ