ইন্ডাস্ট্রির কাছে যেতে চান না শুভ
ছবি: সংগৃহীত
০৩:৫৩ পিএম | ০৩ জুন, ২০২৬
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক। সিনেমার প্রচারণা, হল পরিদর্শন এবং দর্শকদের প্রতিক্রিয়া জানার পাশাপাশি নিজের দীর্ঘ অভিনয়জীবন, অর্জন এবং বর্তমান অবস্থান নিয়েও খোলামেলা কথা বলেছেন তিনি।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভ জানান, দীর্ঘ দুই দশকের কর্মজীবনের পর নিজেকে নতুন করে প্রমাণ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন না। তিনি বলেন, ‘২০০৪ সালে ফ্যাশন শো দিয়ে শুরু। এরপর মডেলিং, রেডিও, টেলিভিশন, সিনেমা, ওটিটি- সব জায়গায় কাজ করেছি। ভালো ফলও পেয়েছি। তাই নিজেকে প্রমাণ দেওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না।’

নিজের অভিনয়জীবনের বৈচিত্র্য তুলে ধরে শুভ বলেন, রোমান্টিক থেকে অ্যাকশন, এমনকি আন্তর্জাতিক প্রজেক্টেও তিনি কাজ করেছেন। ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ কিংবা আন্তর্জাতিক সিরিজ ‘জ্যাজ সিটি’—বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার। অভিনেতা হিসেবে নিজের সক্ষমতা নিয়ে কোনো দ্বিধা নেই বলেও মন্তব্য করেন শুভ।
তার কথায়, ‘আমি কী পারি, সেটা ইন্ডাস্ট্রি জানে। এখন ইন্ডাস্ট্রি যদি আমার কাছে না আসে, আমি ইন্ডাস্ট্রির কাছে যেতে পারব না।’
কিছু সময়ের বিরতির পর আবারও চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় হয়েছেন এই অভিনেতা। ‘মুজিব’ সিনেমাকে ঘিরে আলোচনা, রাজনৈতিক বিতর্ক এবং ব্যক্তিগত জীবনের নানা চর্চার পর তিনি এখন পুরোপুরি কাজে মনোযোগী। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক প্রজেক্ট ‘জ্যাজ সিটি’ও করেছেন, যা প্রশংসা কুড়িয়েছে।
এসএ/টিকে