ধর্মেন্দ্রর বায়োপিকে কে হবেন ‘হি ম্যান’?
ছবি: সংগৃহীত
০৪:১২ পিএম | ০৩ জুন, ২০২৬
প্রয়াত বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে নিয়ে বায়োপিক নির্মাণের আলোচনা নতুন করে গতি পেয়েছে। জীবদ্দশায় আত্মজীবনী লেখার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ‘হি ম্যান’ খ্যাত এই অভিনেতা। এরপর থেকেই তার জীবনভিত্তিক চলচ্চিত্র নিয়ে বলিউডে নানা জল্পনা শুরু হয়। আর তার মৃত্যুর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে।
ভক্তদের মধ্যে এখন সবচেয়ে বড় প্রশ্ন- পর্দায় ধর্মেন্দ্রর চরিত্রে কে অভিনয় করবেন? অনেকের ধারণা ছিল, পরিবারের সদস্যদের মধ্য থেকেই কেউ এই চরিত্রে দেখা যেতে পারেন। তবে এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে ববিকে প্রশ্ন করা হয়, যদি ধর্মেন্দ্রর বায়োপিক নির্মিত হয়, তাহলে দুই ভাইয়ের মধ্যে তিনি নাকি সানি দেওল-সানি দেওল- কে বাবার চরিত্রে বেশি মানানসই হবেন?
জবাবে ববি স্পষ্ট ভাষায় বলেন, ‘কেউই না। কারণ বাবার মতো আর কেউ হতে পারে না। উনি যে ধরনের মানুষ ছিলেন, তেমন দ্বিতীয় আর কেউ হতে পারবে না।’ ধর্মেন্দ্র জীবনের বিভিন্ন সময়ে বলিউডে দেওল পরিবারের অবদান যথাযথ মূল্যায়ন না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছিলেন।

একবার তিনি বলেছিলেন, ‘বলিউড দেওলদের কখনও যোগ্য সম্মান দেয়নি…।’ যদিও তার দুই ছেলে সানি ও ববি একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন, তবু ইন্ডাস্ট্রির কাছ থেকে প্রত্যাশিত স্বীকৃতি মেলেনি বলে মনে করতেন তিনি।
তবে নিজের বায়োপিকের নায়ক হিসেবে পরিবারের কাউকে নয়, বরং সালমান খানকেই সবচেয়ে উপযুক্ত মনে করতেন ধর্মেন্দ্র। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সালমানই একমাত্র আমার বায়োপিকে অভিনয় করতে পারে। আমার পছন্দের তালিকাই ওই সেরা।’
ধর্মেন্দ্র ও সালমান খানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সালমানকে তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করতেন। একই সঙ্গে সালমানের ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতিরও প্রশংসা করেছিলেন বহুবার।
অনেকের মতে, সেই ঘনিষ্ঠতা থেকেই নিজের চরিত্রে সালমানকে দেখতে চেয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা।
যদিও বায়োপিক নির্মাণ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ধর্মেন্দ্রর জীবন ও কর্ম নিয়ে দর্শকদের আগ্রহ যে তুঙ্গে, তা বলাই যায়। ফলে ভবিষ্যতে তার জীবনভিত্তিক কোনো চলচ্চিত্র নির্মিত হলে তা ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলেই মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।
এসএ/টিকে