© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরীর সঙ্গেই কি নতুন জীবন শুরু করছেন আমির?

শেয়ার করুন:
গৌরীর সঙ্গেই কি নতুন জীবন শুরু করছেন আমির?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৯ পিএম | ০৩ জুন, ২০২৬
ষাট পেরিয়েও প্রেমের আলোচনায় বলিউড তারকা আমির খান। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকা এই অভিনেতাকে ঘিরে এবার নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বলিউডের অন্দরমহলে কানাঘুষো, দীর্ঘদিনের ঘনিষ্ঠ সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ককে এবার আনুষ্ঠানিক রূপ দিতে পারেন তিনি।

কয়েক মাস আগেই নিজের জন্মদিনে গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। সেই মুহূর্ত থেকেই অভিনেতার জীবনে নতুন অধ্যায়ের সূচনা নিয়ে আলোচনা শুরু হয়। এরপর একাধিক সূত্র দাবি করে, বেশ কিছুদিন ধরেই একে অপরের কাছাকাছি রয়েছেন তারা। এবার সেই সম্পর্ককে ঘিরেই উঠেছে বিয়ের জোর গুঞ্জন।

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে গৌরীর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল আমিরের। তবে বন্ধুত্বের সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় অনেক পরে। বলিউডের বিভিন্ন সূত্রের দাবি, ২০২৪ সালের শেষদিকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ধীরে ধীরে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে।



গুঞ্জন রয়েছে, তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতিও নাকি শুরু করেছেন এই অভিনেতা। তবে এবার কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশেই অনুষ্ঠান সম্পন্ন করতে চান তিনি। পরিবারের সদস্যদের উপস্থিতিতে নতুন জীবনের পথচলা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

আমিরের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। প্রথমে রিনা দত্ত এবং পরে কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দুই সংসার ভেঙে গেলেও দুই সাবেক স্ত্রীর সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন অভিনেতা। বিভিন্ন সময় তিনি নিজেও স্বীকার করেছেন, সম্পর্ককে গুরুত্ব দেন এবং একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, তার দুটি বিয়েই সফল হয়নি। তবে সাবেক দুই স্ত্রীর সঙ্গে এখনো তার সুসম্পর্ক রয়েছে। তারা সবাই মিলে একটি পরিবারের মতোই আছেন। জীবনের এই পর্যায়ে এসে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেছিলেন তিনি।

এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জল্পনা চলেছিল। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানেও ফাতিমাকে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোচনা স্তিমিত হয়ে যায়। এরপরই সামনে আসে গৌরীর নাম।

এদিকে গুঞ্জন আরও বলছে, আগামী ৫ জুলাই নিজেদের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারেন আমির ও গৌরী। যদিও বিষয়টি নিয়ে অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

তাই আপাতত সবকিছুই রয়েছে জল্পনা ও গুঞ্জনের পর্যায়ে। তবে বলিউডের অন্যতম আলোচিত এই তারকার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় সত্যিই শুরু হতে যাচ্ছে কি না, সেদিকেই এখন নজর ভক্তদের।


এসএ/টিএ

মন্তব্য করুন