৬৮ জন গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ছবি: সংগৃহীত
১০:১৩ পিএম | ০৩ জুন, ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একের পর এক মিছিলের ঘটনায় নড়েচড়ে বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গত মঙ্গলবার নগরীর জিইসি এলাকায় মিছিলের পর বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলেও পরদিন আবারও মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (৩ জুন) সকালে নগরীর কুয়াইশ সড়কে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের একদল নেতা-কর্মী মিছিল বের করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে জানতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিল, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের ৬৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানাভিত্তিক গ্রেপ্তারদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় ৭ জন, ইপিজেড থানায় ৩ জন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় ২ জন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে রয়েছেন।
সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নগরীতে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে সোমবার সকালে নগরীর জিইসি মোড় এলাকায় ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী মিছিল করলে বিষয়টি নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, মাঠপর্যায়ের পুলিশকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ কারণে সব ইউনিটকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে।
এমআর/টিকে