বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের তালিকায় পিএসজি জাদুকর
ছবি: সংগৃহীত
১১:৩৪ এএম | ০৪ জুন, ২০২৬
প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পুরস্কার পেলেন খাভিচা কাভারাৎস্কেলিয়া। জর্জিয়ান এই উইঙ্গারের বাজারমূল্য এক লাফে ৫ কোটি ইউরো বেড়ে পৌঁছেছে ১৪ কোটি ইউরোতে, যা তাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের তালিকায় নিয়ে এসেছে।
২০২৫-২৬ মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৫ বছর বয়সী কাভারাৎস্কেলিয়া। পুরো টুর্নামেন্টে তিনি ১০ গোল ও ৭টি অ্যাসিস্ট করেন, যা প্রতিযোগিতার যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

বিশেষ করে নকআউট পর্বে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ১০টি গোল অবদানের মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সেরা পারফরমারদের একজন হিসেবে নিজের নাম লেখান।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে দলের জন্য গুরুত্বপূর্ণ পেনাল্টিও আদায় করেছিলেন কাভারাৎস্কেলিয়া, যা থেকে গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান উসমান দেম্বেলে।
তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ট্রান্সফারমার্কট সর্বশেষ লিগ ওয়ান বাজারমূল্য হালনাগাদে তার মূল্য ৯ কোটি ইউরো থেকে বাড়িয়ে ১৪ কোটি ইউরো নির্ধারণ করেছে।
এই ৫ কোটি ইউরোর বৃদ্ধি ফুটবল ইতিহাসের অন্যতম বড় বাজারমূল্য বৃদ্ধি হিসেবেও বিবেচিত হচ্ছে। ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, একক আপডেটে বাজারমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এটি যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
এর আগে একবারে ৫ কোটি ইউরো মূল্য বৃদ্ধি পেয়েছিল নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রেরও। তবে সর্বকালের রেকর্ড এখনো মিশরের তারকা মোহাম্মদ সালাহর দখলে। ২০১৮ সালে লিভারপুলের হয়ে দুর্দান্ত মৌসুমের পর তার বাজারমূল্য এক আপডেটে ৭ কোটি ইউরো বেড়েছিল।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ সূচনার পর তার বাজারমূল্য ৬ কোটি ইউরো বৃদ্ধি পেয়েছিল।
এছাড়া কিলিয়ান এমবাপ্পে একবারে ৫ কোটি ৫০ লাখ ইউরো মূল্য বৃদ্ধি পেয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন।
কেভিন ডি ব্রুইনা, হ্যারি কেন ও কোল পালমারের মতো তারকারাও এই তালিকায় জায়গা পেলেও সাম্প্রতিক সময়ে কাভারাৎস্কেলিয়ার উত্থানই সবচেয়ে বেশি আলোচনায়।
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর এখন বিশ্বের সেরা বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবেও অনেকের চোখে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জর্জিয়ান এই তারকা।
এফআর/টিএ