© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোমিওপ্যাথি নিয়ে পোস্ট, সমালোচনার মুখে অনুষ্কা শর্মা

শেয়ার করুন:
হোমিওপ্যাথি নিয়ে পোস্ট, সমালোচনার মুখে অনুষ্কা শর্মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ পিএম | ০৪ জুন, ২০২৬
বলিউড থেকে অনেকটাই দূরে সরে গেছেন অনুষ্কা শর্মা। দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে দেখা না গেলেও ব্যক্তিজীবন, আধ্যাত্মিক চর্চা এবং পরিবারকে ঘিরেই এখন তার ব্যস্ততা। স্বামী বিরাট কোহলিকে নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে যাতায়াত এবং আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে সময় কাটানোর কারণে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে এবার অন্য এক কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন অনুষ্কা। সেখানে হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে চিকিৎসা ব্যবস্থা, রোগ নিরাময় এবং সমন্বিত চিকিৎসা নিয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় অনুষ্কা জানান, তার জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিকিৎসক রঞ্জন শঙ্করনের প্রশংসা করে তিনি লেখেন, স্বাস্থ্য ও সচেতন জীবনযাপন সম্পর্কে তার গভীর দৃষ্টিভঙ্গিকে তিনি শ্রদ্ধা করেন এবং নিজের চিকিৎসা-যাত্রায় এই চিকিৎসককে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন।

অনুষ্কার এই বক্তব্য সামনে আসতেই শুরু হয় তুমুল আলোচনা। ভিডিওটিতে রঞ্জন শঙ্করন বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, হোমিওপ্যাথিকে বৃহত্তর চিকিৎসা ব্যবস্থার একটি অংশ হিসেবে দেখা উচিত। একই সঙ্গে তিনি স্বীকার করেন, প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে।



ভিডিওতে তিনি আরও বলেন, হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগ নয়, বরং মানুষকে সামগ্রিকভাবে সুস্থ করার চেষ্টা করে। তার দাবি, এমন কিছু দীর্ঘমেয়াদি রোগ রয়েছে যেখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা দেখা যায় এবং অনেক ক্ষেত্রে রোগীরা বিকল্প চিকিৎসার দিকেও ঝুঁকে থাকেন। বর্তমানে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার যুগ চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এই বক্তব্য সবাই ইতিবাচকভাবে নেননি। ভিডিওটি প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানান যকৃতরোগ বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত। তিনি অনুষ্কার পোস্টের সমালোচনা করে হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন।

শুধু তাই নয়, তিনি অনুষ্কাকে ‘অশিক্ষিত সেলেব’ বলেও কটাক্ষ করেন। তার দাবি, হোমিওপ্যাথি ওষুধে কার্যকর ঔষধি উপাদানের উপস্থিতি নেই এবং মানুষ এমন ওষুধের জন্য অযথাই অর্থ ব্যয় করছেন। একই সঙ্গে রঞ্জন শঙ্করনের বিরুদ্ধেও কড়া ভাষায় মন্তব্য করেন তিনি।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ অনুষ্কার ব্যক্তিগত বিশ্বাস ও অভিজ্ঞতাকে সম্মান জানানোর কথা বলছেন, আবার কেউ চিকিৎসাবিজ্ঞানের প্রশ্নে তার অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করছেন।

চলমান হোমিওপ্যাথি ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কে অনুষ্কার এই পোস্ট যেন নতুন করে আলোচনার আগুন জ্বালিয়ে দিল। অভিনেত্রী নিজে এখন পর্যন্ত এ বিষয়ে নতুন কোনো প্রতিক্রিয়া না জানালেও তার একটি পোস্টই নেটদুনিয়ায় তৈরি করেছে তীব্র আলোচনা ও মতবিভাজন।

এসএ/টিএ

মন্তব্য করুন