© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র দুই বছরের অভিনয়েই প্রশংসিত পার্থ শেখ

শেয়ার করুন:
মাত্র দুই বছরের অভিনয়েই প্রশংসিত পার্থ শেখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ পিএম | ০৪ জুন, ২০২৬
শুরুর দিকে নির্মাতা হিসেবে পথচলা শুরু করলেও অভিনয়ই তাঁকে এনে দিয়েছে আলাদা পরিচিতি। মাত্র দুই বছরের অভিনয়জীবনে নাটক, ওয়েব ছবি, মিউজিক ভিডিও– সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। ধারাবাহিকভাবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের আসন পোক্ত করেছেন। বলছি, অভিনেতা ও মডেল পার্থ শেখের কথা। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে ঈদে মুক্তি পাওয়া নাটক ‘অমর প্রেম’ দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেতা।

 জিয়াউল ইসলাম সুমনের পরিচালনায় নাটকটিতে তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের নজর কেড়েছে। নাটকটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া প্রমাণ করেছে, অভিনয়ের দৌড়ে পার্থ এখন নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। রোমান্টিক গল্পের আবহে নির্মিত এই নাটকে তাঁর সংযত অভিনয় এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

পার্থ বলেন, ‘দর্শক সবসময় ভালো গল্পের কাজ দেখতে চায়। ঈদ নাটক ‘অমর প্রেম’ নাটকটি তেমনই। ভালোবাসা গভীর অনুভূতি আর সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে এর গল্প। জীবনের কঠিন বাস্তবতার মাঝে টিকে থাকা বিশ্বাস এবং আবেগের এক গল্প তুলে ধরা হয়েছে এখানে। নাটকটি দর্শকের মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক গল্পের অভিজ্ঞতায় নিয়ে যাবে বলে বিশ্বাস করি। কাজটি নিয়ে অনেকের মুখেই প্রশংসা শুনেছি।’



সম্প্রতি ঈদের আগে গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে তাঁর অভিনীত মিউজিক ভিডিও ‘মন বুঝিনা’। জিসান খান শুভর কণ্ঠে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। রহিত রহমান সৈকতের নির্দেশনায় নির্মিত ভিডিওটিতে পার্থর বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। এর আগেও বেশ কয়েকটি নাটকে এই জুটিকে দেখা গেছে। দর্শকদের কাছেও পার্থ-আইশা জুটি ইতোমধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।

অন্যদিকে ওয়েব অঙ্গনেও নিজের অবস্থান আরও শক্ত করছেন পার্থ। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ওয়েব ছবি চা গরম-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। চা শ্রমিকদের জীবন, সংগ্রাম এবং স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন ‘মিঠু’ চরিত্রে। বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে মানবিকভাবে তুলে ধরার জন্য চলচ্চিত্রটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

এই কাজটি নিয়ে পার্থ নিজেও ভীষণ আবেগপ্রবণ। চলচ্চিত্রটি মুক্তির পর তিনি আবার ফিরে গিয়েছিলেন সেই চা বাগানে, যেখানে শুটিং হয়েছিল। শ্রমিকদের সঙ্গে বসে একসঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতাকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে মনে করেন। অভিনয়ের বাইরে পার্থর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্রিকেট। একসময় জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে খেলেছেন। কিন্তু ইনজুরির কারণে সেই স্বপ্ন ভেঙে যায়। পরে নতুন স্বপ্ন নিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। আজকের এই সাফল্যের পেছনে সেই হার না মানা মানসিকতাই সবচেয়ে বড় শক্তি।

ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন পার্থ। চলতি বছরের শুরুতে দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন তিনি। অভিনয়, ব্যক্তিগত জীবন এবং নতুন নতুন কাজ-  সব মিলিয়ে সময়টা যেন সত্যিই পার্থ শেখের। দর্শকরাও অপেক্ষায় আছেন তাঁর আগামী চমকগুলোর জন্য।

এসএ/টিএ 


মন্তব্য করুন