মিথিলার সাফল্যে আবেগঘন মন্তব্য মাহির
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ০৪ জুন, ২০২৬
গত বছর ‘মিস ইউনিভার্স’-এ অংশ নিয়ে পরিচিতি পেয়েছেন বেশ। এবার এলেন চলচ্চিত্রে, তাও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার কথাই বলা হচ্ছে। আজমান রুশোর ঈদের ছবি ‘রকস্টার’-এ অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রে বাহবাও পাচ্ছেন এ তরুণী। এবার তাকে প্রশংসায় ভাসালেন তারই কাছের বন্ধু, অভিনেত্রী সামিরা খান মাহি। দীর্ঘ ফেসবুক বার্তায় মিথিলার বন্দনা করেছেন তিনি।
‘রকস্টার’-এ শাকিব-মিথিলার একটি স্থিরচিত্র পোস্ট করে মাহি লেখেন, ‘এই মুহূর্ত দেখে আমার হৃদয়টা আজ সত্যিই ভরে গেছে মিথিলা। তোমাকে বড় পর্দায় এমনভাবে জ্বলে উঠতে দেখা, একেবারেই আলাদা অনুভূতি। কারণ আমি তোমার এই যাত্রার পেছনের গল্পটা দেখেছি। কঠোর পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর সেই অদম্য ইচ্ছাশক্তি; যেটা তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’

প্রশংসার সঙ্গে বন্ধুকে পরামর্শও দিয়েছেন মাহি। তার ভাষ্য, ‘আজ সবাই তোমার সাফল্য উদযাপন করছে, কিন্তু আমি উদযাপন করতে চাই তোমাকে, তোমার ব্যক্তিত্বকে। তবে তুমি যত বড় অর্জনই করো না কেন, সবসময় বিনয়ী থাকো, এ বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে। এটা তোমার প্রথম সিনেমা, তবুও ইতোমধ্যেই অনেক মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছো। তাছাড়া তোমাকে যতটা চিনি, আমি জানি- এটা কেবল শুরু। তোমার জন্য আরও অনেক বড় স্বপ্ন অপেক্ষা করছে, আমি নিশ্চিত তুমি প্রতিটা স্বপ্নই পূরণ করবে।’
বন্ধুত্ব নিয়ে সবসময় পাশে থাকার জন্যও মিথিলাকে ধন্যবাদ দিয়েছেন মাহি। আগামীতে মিথিলা যেন বড় পর্দায় আরো উজ্জ্বল হয়ে উঠতে পারেন, সেই শুভকামনাও জানিয়েছেন অভিনেত্রী।
এসএ/টিএ