সমালোচনার কড়া জবাব দিলেন প্যাটিনসন
ছবি: সংগৃহীত
০৬:৩৬ পিএম | ০৪ জুন, ২০২৬
‘ব্যাটম্যান: পার্ট ২’ চলচ্চিত্রে নিজের চরিত্রের জন্য যথাযথ শারীরিক প্রস্তুতি নেননি- গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন সমালোচনার কড়া জবাব দিয়েছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন।
সম্প্রতি ৪০ বছর বয়সি এই টোয়াইলাইট খ্যাত অভিনেতা শারীরিক কসরত এড়িয়ে যাওয়ার দাবিটিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে জানিয়েছেন, এই সুপারহিরো চরিত্রের জন্য তিনি অত্যন্ত কঠোর ও নিয়মতান্ত্রিক ফিটনেস রুটিন মেনে চলছেন।
এর আগে এক সাক্ষাৎকারে প্যাটিনসনের একটি মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল, যেখানে তিনি মজা করে ওয়ার্কআউট করাকে ‘আনকুল’ বা ফ্যাশনবহির্ভূত বলে অভিহিত করেছিলেন। নেটিজেনদের একাংশ তখন থেকেই ব্যাটম্যান চরিত্রের প্রতি তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সম্প্রতি বিশ্বখ্যাত লাইফস্টাইল সাময়িকী জিকিউ ম্যাগাজিন-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্যাটিনসন নিজের অবস্থান পরিষ্কার করেন।

তার শারীরিক প্রস্তুতি নিয়ে ওঠা দাবিগুলোকে সম্পূর্ণ ভুল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি প্রতিদিন জানপ্রাণ দিয়ে ওয়ার্কআউট করেছি। কিন্তু এত পরিশ্রমের পরেও দেখতে এমন লাগে যেন আমি ব্যায়ামই করিনি! আমি দিনে দুইবার করে ওয়ার্কআউট করেছি, কখনো কখনো ভোররাত তিনটার দিকেও আমাকে জিমে ঘাম ঝরাতে হয়েছে।’
জনসাধারণের ধারণা যাই হোক না কেন, তিনি যে নিজের ব্যায়ামের রুটিন নিয়ে অত্যন্ত ধারাবাহিক ছিলেন, তা তিনি দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির আগামী সিক্যুয়েলের জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত রাখতে প্যাটিনসন বেভারলি হিলসে তার নিজস্ব বাসভবনে একটি ব্যক্তিগত জিমনেসিয়ামও তৈরি করেছেন।
কিছুটা রসিকতার ছলে তিনি স্বীকার করেন, চরিত্রের প্রয়োজনে ফিট থাকার জন্য অভিনেতা এখন পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তবে তিনি এটিও উল্লেখ করেছেন যে, সিনেমার মূল শুটিংয়ের অফিশিয়াল শিডিউল বা সময়সূচি এখনো তার হাতে এসে পৌঁছায়নি।
প্যাটিনসন জানান, সম্প্রতি সিনেমার স্ট্যান্ট কোঅর্ডিনেটরের সঙ্গে তার কথা হয়েছে এবং সেখান থেকেই তিনি জানতে পেরেছেন যে সিনেমাটির প্রোডাকশন শিডিউল বেশ কঠিন হতে যাচ্ছে।
প্যাটিনসন বলেন, ‘কদিন আগে স্ট্যান্টের দায়িত্বে থাকা ভদ্রলোক আমাকে বললেন, উফ, টানা ১১ সপ্তাহ রাতের শিফটে শুটিং করতে হবে। আমি তো অবাক হয়ে বললাম, বলছেন কী! আমাকে তো এখনো কেউ কোনো শিডিউলই পাঠায়নি!’
ম্যাট রিভস পরিচালিত এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলটি নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে কমিকস ও সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। ছবিটিতে আরও অভিনয় করছেন সেবাস্তিয়ান স্ট্যান, স্কারলেট জোহানসন, ব্রায়ান টাইরি হেনরি, চার্লস ড্যান্স এবং সেবাস্তিয়ান কখ। ‘ব্যাটম্যান: পার্ট ২’ চলচ্চিত্রটি ২০২৭ সালের ১ অক্টোবর মুক্তির কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০২৭ সালের সবচেয়ে বড় এবং প্রতীক্ষিত সুপারহিরো সিক্যুয়েলগুলোর একটি হতে যাচ্ছে এটি। আর পর্দার পেছনে প্যাটিনসনের এই কঠোর পরিশ্রমই প্রমাণ করে, পর্দায় আবারও এক দুর্দান্ত ‘ডার্ক নাইট’কে দেখতে চলেছেন দর্শকরা।
সূত্র: জিও নিউজ
এসএ/টিএ