মাধুরীর প্রশংসায় পঞ্চমুখ রবি কিশান
ছবি: সংগৃহীত
০৬:৫৫ পিএম | ০৪ জুন, ২০২৬
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য তারকার সঙ্গে কাজ করলেও মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা রবি কিশানের কাছে ছিল একেবারেই আলাদা। নতুন ছবি ‘মা বহেন’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে কিংবদন্তি এই অভিনেত্রীকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তিনি। আর সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মাধুরীকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি কিশান জানান, বহু বছর ধরেই তিনি মাধুরী দীক্ষিতের অভিনয়ের ভক্ত। তবে প্রথমবার তার সঙ্গে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তি ও চাপ অনুভব করেছিলেন। তার মনে প্রশ্ন ছিল, এমন একজন তারকার সামনে কীভাবে অভিনয় করবেন, কীভাবে সংলাপ বলবেন।
এর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধুরীর সঙ্গে তার দেখা হয়েছিল। কিন্তু একসঙ্গে কাজ করার সুযোগ কখনও আসেনি। তাই নতুন ছবির শুটিং শুরু হওয়ার আগে কিছুটা নার্ভাস ছিলেন তিনি।
তবে শুটিং সেটে মাধুরীর আচরণ তাকে দ্রুতই স্বস্তি এনে দেয়। রবির ভাষায়, পর্দার তারকার চেয়েও মানুষ হিসেবে মাধুরী তাকে বেশি মুগ্ধ করেছেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্ত ও ইতিবাচক থাকতে পারেন এই অভিনেত্রী। নতুন ছবিতে তাদের বেশ কয়েকটি আবেগঘন দৃশ্য রয়েছে। সেই প্রসঙ্গে রবি জানান, এমন চরিত্রে তিনি আগে কখনও অভিনয় করেননি। একই সঙ্গে মাধুরীকেও ভিন্নধর্মী এক চরিত্রে দেখেছেন। অভিনয়ের সূক্ষ্মতা, অভিব্যক্তি এবং চরিত্রের ভেতরে প্রবেশ করার দক্ষতা তাকে মুগ্ধ করেছে।

তবে সবচেয়ে বেশি যেটি তার নজর কেড়েছে, সেটি হলো মাধুরীর পেশাদার মনোভাব। রবি কিশানের দাবি, শুটিং সেটে যত সমস্যাই তৈরি হোক না কেন, তাকে কখনও বিরক্ত বা অস্থির হতে দেখা যায়নি। বৃষ্টি, কাদা কিংবা অন্য কোনো প্রতিকূল পরিস্থিতিও তার কাজের মনোভাব বদলে দিতে পারেনি।
অভিনেতার মতে, বিদ্যুৎ চলে যাওয়া থেকে শুরু করে দীর্ঘ সময় অপেক্ষা করা- সবকিছুই হাসিমুখে মেনে নেন মাধুরী। এমনকি সহশিল্পীরা সংলাপে পরিবর্তন আনলেও বা অতিরিক্ত কিছু যোগ করলেও তিনি তা সহজভাবেই গ্রহণ করেন।
রবি আরও জানান, বিশৃঙ্খল পরিবেশেও নিজেকে স্থির রাখার এক অসাধারণ ক্ষমতা রয়েছে মাধুরীর। এই গুণটিই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সাক্ষাৎকারে মাধুরীর জনপ্রিয়তার একটি ঘটনাও তুলে ধরেন তিনি। নিজের লোকসভা কেন্দ্র গোরক্ষপুরে এক অনুষ্ঠানে মাধুরীর উপস্থিতিকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের কথা স্মরণ করেন রবি। তার দাবি, অভিনেত্রীকে একনজর দেখতে মানুষের ভিড়ে পুরো এলাকা কার্যত থমকে গিয়েছিল। কিন্তু এত উন্মাদনার মাঝেও মাধুরী ছিলেন স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল।
রবির মুখে এত প্রশংসা শুনে মাধুরীও হাসিমুখে প্রতিক্রিয়া জানান। মজার ছলে তিনি অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি খুবই মিষ্টি মানুষ। উল্লেখ্য, ‘মা বহেন’ একটি ক্রাইম-কমেডি ঘরানার চলচ্চিত্র। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক মধ্যবিত্ত পরিবার। একাকী মা এবং তার দুই মেয়ের জীবন হঠাৎ বদলে যায় নিজেদের রান্নাঘরে একটি মৃতদেহ খুঁজে পাওয়ার পর। সেই ঘটনার পরই গল্পে শুরু হয় রহস্য, উত্তেজনা এবং একের পর এক অপ্রত্যাশিত মোড়।
এসএ/টিএ