ক্রাইম থ্রিলার ‘ব্রাউন’ দিয়ে ওটিটি-তে কারিশমার নতুন চমক
ছবি: সংগৃহীত
০১:০৫ পিএম | ০৫ জুন, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’ -এ মুক্তি পেতে যাওয়া ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাউন-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন কারিশমা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই সিরিজের মূল আকর্ষণ হলো এর প্রধান নারী চরিত্র ‘রিতা ব্রাউন’- যে আক্ষরিক অর্থেই বাস্তব জীবনের এক ভাঙাচোরা ও ত্রুটিপূর্ণ মানুষ।
কারিশমা কাপুর জানান, শুরুতে এই সিরিজের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কলকাতায় টানা ৫০ থেকে ৬০ দিন শুটিং করার কথা শুনে তিনি সরাসরি ‘না’ বলে দেন। তবে নির্মাতা দলের ক্রমাগত অনুরোধে শেষ পর্যন্ত তিনি চিত্রনাট্য শোনেন। চরিত্রটির কথা শোনার পর তিনি আর না বলতে পারিনি।
তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে রিতা আমার চেয়ে একদম আলাদা, আর এটাই আমাকে আকর্ষণ করেছে।’ নির্মাতারা রিতা চরিত্রটিকে কোনো রকম গ্ল্যামার ছাড়া পর্দায় তুলে ধরতে চেয়েছিলেন। কারিশমা জানান, পরিচালকের কাছে চরিত্রটির রূপ নিয়ে স্পষ্ট ধারণা ছিল। রিতার হাঁটাচলার ধরন থেকে শুরু করে মেকআপ ছাড়া চেহারা, এমনকি অতিরিক্ত ধূমপানের কারণে তার ঠোঁট বেগুনি হয়ে যাওয়া- সবকিছুই খুব যত্ন নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

কারিশমার মতে, বিশ্বজুড়ে এখন গল্প বলার ধরন পাল্টাচ্ছে এবং পর্দায় নারীদের শুধু একভাবে না দেখিয়ে তাদের জীবনের সব চড়াই-উতরাই ও বহুমাত্রিক রূপ দেখানো হচ্ছে। কারিশমা কাপুরের ক্যারিয়ারে যেমন ‘বিবি নং ১’ বা ‘রাজা হিন্দুস্তানি’র মতো বাণিজ্যিক সিনেমা রয়েছে, তেমনি ‘ফিজা’, ‘জুবাইদা’ ও ‘শক্তি’র মতো শক্তিশালী চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে। তবে তিনি এই ধারণার সঙ্গে একমত নন যে কেবল আজকালের ওটিটি যুগেই নারীদের জন্য শক্তিশালী চরিত্র লেখা হচ্ছে।
কারিশমা বলেন, ‘আমরা বলতে পারি না যে আগে হিন্দি সিনেমায় শক্তিশালী চরিত্র ছিল না। ‘মাদার ইন্ডিয়া’ থেকে শুরু করে প্রতিটি দশকেই এমন কালজয়ী চরিত্র তৈরি হয়েছে।
যেমন ২০০০-এর দশকে আমার করা ‘ফিজা’ বা ‘শক্তি’র চরিত্রগুলোও নিজ নিজ জায়গায় খুবই দৃঢ় ছিল। তবে ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে এখন আমরা মানুষের ভেতরের ভিন্ন ও জটিল দিকগুলো আরো বেশি করে অন্বেষণ করার সুযোগ পাচ্ছি।’
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া
এসএ/টিএ