© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সোলজার’ নিয়ে সুখবর দিলেন শাকিব, চলতি বছরই মুক্তি

শেয়ার করুন:
‘সোলজার’ নিয়ে সুখবর দিলেন শাকিব, চলতি বছরই মুক্তি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ পিএম | ০৫ জুন, ২০২৬
ঈদের আমেজে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে মেগাস্টার শাকিব খানের ‘রকস্টার’। এই জোয়ারের মাঝেই ভক্তদের সুখবর দিলেন। সান মোশন পিকচার্সের প্রযোজনায় খুব শিগগিরই রূপালি পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’।

‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই নতুন প্রজেক্ট ও দীর্ঘ ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন শাকিব। ‘সোলজার’ মূলত ‘রকস্টার’-এর আগের ছবি। এর সিংহভাগ শুটিং আগেই শেষ হলেও এতদিন তা আটকে ছিল। তবে সুখবর হলো, ছবিটির কাজ এখন একেবারে শেষ পর্যায়ে।

সংবাদ সম্মেলনে মেগাস্টার জানান, ‘সোলজার’ সিনেমার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। নতুন এই প্রজেক্টের আপডেট দিয়ে শাকিব খান বলেন, ‘এই বছরই আরেকটি সিনেমা রিলিজ হচ্ছে, সেটিও সান মোশন পিকচার্সের ‘সোলজার’। কিছুদিনের মধ্যে আমরা এর ক্যামেরা ক্লোজ করব। আবার নতুন করে সোলজার হচ্ছি। সিনেমার বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। খুব শিগগিরই, এই বছরেই ‘সোলজার’ নামের একটি চমৎকার ও সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।’

কথায় কথায় নিজের রূপালি জগতের রঙিন ও দীর্ঘ ২৭ বছরের পথচলা নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন এই নায়ক। ক্যারিয়ারের শুরুটা মাত্র তিন মাসের জন্য হলেও, কীভাবে যে প্রায় তিন দশক কেটে গেল, তা ভাবিয়ে তোলে এই তারকাকে।



তার কথায়, ‘আমি এর আগেও বলেছি, এখনো বলছি যখন আমার ক্যারিয়ার শুরু করি, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলাম। মাত্র তিন মাসের জন্য (ইন্ডাস্ট্রিতে) এসেছিলাম। কিন্তু কাজের মধ্যে দিয়ে সময়গুলো এমনভাবে পার হয়ে গেছে যে, ২৭ বছর কখন পার হলো টেরো পাইনি। জার্নিটা আসলে অনেক ভালো ছিল।’

তিনি আরও বলেন, ‘তবে অনেক চড়াই-উতরাই যে শুধু আমাদের সিনেমার মানুষ পার করেছে তা না; বিভিন্ন সময় দেশের বিভিন্ন ক্রাইসিস থাকে, বিভিন্ন কারণে আমাদের পুরো দেশ পিছিয়ে যায়। আবার তার মধ্য দিয়েই সিনেমাকে আমরা সবাই একত্রিত হয়ে, যার যার সক্ষমতা দিয়ে চেষ্টা করি এগিয়ে নিতে।’

শাকিবের ভাষ্যে, ‘আমরা চেষ্টা করব আমাদের সিনেমা যেন সামনে আরও অনেক দূর এগিয়ে যায়। যে লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি, আপনারাও সবাই কাজ করে যাচ্ছেন; এত পজিটিভলি কাজ করে যাচ্ছেন। সমস্ত নেগেটিভিটি যত আছে, সব নেগেটিভিটিকে পাশ কাটিয়ে আমরা সব পজিটিভ মানুষরা সামনে এগিয়ে যাব। ভালো ভালো কাজ করব। ইনশাল্লাহ, আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসব।’

এসএ/টিএ

মন্তব্য করুন