© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে শাহনাজ কাকলীকে

শেয়ার করুন:
উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হচ্ছে শাহনাজ কাকলীকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ০৫ জুন, ২০২৬
দীর্ঘদিন গুরুতর অসুস্থতায় ভুগছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনাজ কাকলী। দেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর এবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং নিয়মিত থেরাপি নিচ্ছেন। তবে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

সম্প্রতি স্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা পরিকল্পনা নিয়ে কথা বলেন অভিনেতা ও কাকলীর স্বামী প্রাণ রায়। তিনি জানান, দীর্ঘদিন চিকিৎসার পরও কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাণ রায় বলেন, ‘কাকলীর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এখন ভারতে চিকিৎসার জন্য চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে শিগগির যেতে পারবো। বর্তমানে সে বাসায় আছে এবং নিয়মিত থেরাপি চলছে।’

ভারত যাত্রার প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। ‘আশা করি দু-একদিনের মধ্যে পাসপোর্ট ও ভিসার প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী ১৫ তারিখের দিকে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে মনিপাল হাসপাতালে তাকে ভর্তি করানো হবে’, যোগ করেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন শাহনাজ কাকলী। অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন এবং পেশাগত কার্যক্রম থেকে দূরে রয়েছেন। পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তার চিকিৎসা অব্যাহত রাখা হয়েছে।

শাহনাজ কাকলী বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন পরিচিত নির্মাতা। নির্মাণশৈলী ও গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির জন্য তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।


এসএ/টিএ

মন্তব্য করুন