অবশেষে সিনেমায় আদনান আল রাজীব, আসছেন প্রেমের গল্প নিয়ে
ছবি: সংগৃহীত
০১:৫২ পিএম | ১২ জুন, ২০২৬
বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে পরিচিত আদনান আল রাজীব। বিজ্ঞাপনের পাশাপাশি তাঁর নির্মিত একাধিক টেলিভিশন নাটকও দর্শকপ্রিয়তা পেয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনেও নিজের কাজের স্বীকৃতি অর্জন করেছেন তিনি।
গত বছর তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়ে দেশের জন্য এক নতুন ইতিহাস গড়ে। পরে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও প্রশংসা ও পুরস্কার অর্জন করে।
এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল, কবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রথম সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব। আর তাঁর প্রথম চলচ্চিত্র হবে একটি প্রেমের গল্প।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে দীর্ঘ এক বার্তায় রাজীব লিখেছেন, ‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”। সেই সময়ের হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট।
সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে।
কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’
প্রেমের গল্প খুঁজে পাওয়ার দীর্ঘ যাত্রার কথাও তুলে ধরেছেন তিনি। রাজীব লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’
অবশেষে সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিয়ে পোস্টের শেষ অংশে তিনি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দেন।
রাজীব লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’
যদিও সিনেমাটির নাম, অভিনয়শিল্পী কিংবা মুক্তির সময় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতা, তবে তাঁর ঘোষণার পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন এই প্রেমের সিনেমা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
এসএন