ইন্ডাস্ট্রি মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়: ফারাহ খান
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
বলিউডে কাজ করতে গিয়ে অন্যের সঙ্গে নিজের তুলনা করা, কে কোন সিনেমায় অভিনয় করছেন কিংবা কার ক্যারিয়ার কতটা এগিয়ে যাচ্ছে এসব বিষয় অনেক সময় শিল্পীদের মধ্যে তৈরি করে অনিরাপত্তাবোধ। এমন অভিজ্ঞতার কথাই জানালেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তার ভাষায়, চলচ্চিত্রশিল্প মানুষকে নিজের সম্পর্কে অনিরাপদ করে তোলে। প্রথম সিনেমা ম্যায় হুঁ না নির্মাণের আগেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন ফারাহ। সেখানে উঠে আসে তার জনপ্রিয় ইউটিউব চ্যানেল, বলিউডের প্রতিযোগিতামূলক পরিবেশ এবং ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৪ সালে নিজের রাঁধুনি দিলীপকে সঙ্গে নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেন ফারাহ। শুরুতে এটিকে দীর্ঘদিন চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না তার। পরবর্তী সিনেমার চিত্রনাট্য শেষ করার পর হাতে কিছুটা অবসর সময় ছিল। সেই সময় অস্থিরতা কাটাতেই ইউটিউবের যাত্রা শুরু করেন তিনি।

ফারাহ বলেন, এই ইন্ডাস্ট্রি মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগায়। কারণ, এখানে সব সময় একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে। কোন অভিনেতা কোন সিনেমা করছেন, কে কী করছেন এসব নিয়ে ভাবতে হয়। নিজের প্রথম সিনেমা বানানোর সময়ও আমি এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। তিনি আরও জানান, ৫০ বছর বয়সে এসে নিজেকে এসব প্রতিযোগিতা থেকে কিছুটা দূরে রাখার সিদ্ধান্ত নেন। তাঁর চাওয়া ছিল, নিজের মতো করে সুখী জীবন কাটানো।
ফারাহর ইউটিউব চ্যানেলে বর্তমানে ৩০ লাখের বেশি অনুসারী রয়েছে। তারকাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে রান্না করা, বাড়ির অন্দরমহল ঘুরে দেখানো এবং খাবারের টেবিলে আড্ডা দেওয়াই এই ভিডিওগুলোর মূল আকর্ষণ। বিশেষ করে দিলীপের সঙ্গে ফারাহর মজার কথোপকথন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৪ সালে শাহরুখ খান ও সুস্মিতা সেন অভিনীত ম্যায় হুঁ না দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় ফারাহর। এরপর ওম শান্তি ওম, তিস মার খান ও হ্যাপি নিউ ইয়ার নির্মাণ করেন তিনি।
এসএ/