শুটিং সেটের সাইনবোর্ড ঘিরে বিতর্কে ইমরানের নতুন সিনেমা
ছবি: সংগৃহীত
০৪:২৫ পিএম | ১২ জুন, ২০২৬
আউটডোর শুটিংয়ের সময় স্থানীয় পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার বিষয়টি চলচ্চিত্র নির্মাতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কখনো কখনো একটি ছোট বিষয়ও বড় বিতর্কের জন্ম দেয়।
এবার এমনই এক ঘটনার মুখে পড়েছে ইমরান হাশমির নতুন সিনেমার শুটিং। বর্তমানে উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ইমরান হাশমি। যদিও ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শুটিং সেট থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার প্রয়োজনে একটি কৃত্রিম রেস্তোরাঁর সেট তৈরি করা হয়েছিল।
সেই সেটে লাগানো একটি সাইনবোর্ডে লেখা ছিল ‘ক্যাফে অ্যান্ড বার’। আর এই ‘বার’ শব্দটিকেই কেন্দ্র করে আপত্তি তোলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়দের সঙ্গে প্রযোজনা টিমের সদস্যদের উত্তপ্ত বাগ্বিতণ্ডা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষী ও প্রযোজনা সংস্থার কয়েকজন সদস্যকে এগিয়ে আসতে দেখা গেলেও ভিডিওতে ইমরান হাশমিকে দেখা যায়নি।

স্থানীয়দের দাবি, ‘বার’ শব্দটি ধর্মীয় মর্যাদায় আঘাত করে। শুটিং সেটের সাইনবোর্ডটি নজরে আসতেই বিতর্কের সূত্রপাত বলেই খবর। এ ঘটনায় এখনো পর্যন্ত ইমরান হাশমি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে উত্তরাখণ্ডে ভক্তদের সঙ্গে তার তোলা কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে সেখানেই শুটিং করছেন।
এদিকে, ইমরান হাশমির হাতে রয়েছে দুটি নতুন সিনেমা- ‘আওয়ারাপন ২’ ও ‘জি টু’।
সম্প্রতি ‘আওয়ারাপন ২’-এর নির্মাতারা জানিয়েছেন, ছবিটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে। একই দিনে মুক্তি পাবে সানি দেওলের নতুন ছবি ‘বাটওয়ারা’। ফলে বক্স অফিসে দুই তারকার সিনেমার মধ্যে জমজমাট প্রতিযোগিতার আভাস মিলছে।
এসএ/এসএন