তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ১২ জুন, ২০২৬
ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ারের শুরুতে কেবল একজন উপস্থাপিকা ছিলেন। তবে সময়ের পরিক্রমায় সেই পরিচয় ছাপিয়ে তিনি একজন চিত্রনায়িকা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছেন। শুধু বাংলাদেশ নয়, কলকাতাতেও তিনি নায়িকা হিসাবে বেশ পরিচিত। কাজ করছেন দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই।
সম্প্রতি তার ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে তাকে। আইনী জটিলতায়ও পড়তে হয়েছে এ নায়িকাকে। এসবকে পেছনে ফেলে আবারও কাজে ফিরেছেন তিনি। নতুন কোনো সিনেমায় কাজ না করলেও, গত কোরবানির ঈদেই প্রকাশ করেছেন তার নতুন গান। 'লোকে বলে' শিরোনামের গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নতুন করে আবারও এই অভিনেত্রীকে আলোচনায় নিয়ে আসে। এই আলোচনার মাঝেই নুসরাত ফারিয়ার জানান তোপের মুখে পড়েছিলেন তিনি।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন নুসরাত ফারিয়া। মানুষের প্রাত্যাহিক জীবনে সোশ্যাল মিডিয়া ঝেঁকে বসেছে। এ মাধ্যমে শোবিজ অঙ্গনের তারকারা প্রায়ই তোপের মুখে পড়েন। অভিনেত্রীও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নুসরাত ফারিয়া বলেন, 'আগে তারকাদের অনেক সমাদর করা হতো। আজকাল মনে হয়, আমরা একটু তোপের মুখেই থাকি। ভালোবাসাও পাই। তবে ক্রিটিসিজমটা তুলনামূলক বেশি। আগে যেটা ছিল ৭০/৩০ শতাংশ; সেটা এখন ৫০/৫০। ভালোবাসার পাশাপাশি বিতর্ক-সমালোচনার সংখ্যাগরিষ্ঠতা।'
কিছুটা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'আমার মনে হয়, একজন তারকা হিসেবে এই বিষয়গুলোতে খুব সচেতন থাকা উচিত। আমি সেটা সবসময় ছিলাম। তারপরও অনেকবার ভুগতে হয়েছে। কোনো কথা বললে, সেটার আগের পরের অংশ কেটে প্রচার করা হয়েছে। এটা খুবই ব্যাড প্র্যাক্টিস।'
সংবাদকর্মীদের উদ্দেশ্যে নুসরাত ফারিয়া বলেন, 'সাংবাদিকদের অনুরোধ করব, দিন শেষে আমরা একে অন্যের পরিপূরক। বিনোদন বিভাগ চালাতে তাদের যেমন আমাদের প্রয়োজন, তেমনই আমাদেরও তাদের প্রয়োজন। এ কারণে ওরকম কিছু করা ঠিক না। কোথায় যাচ্ছি, কী করছি, কী বলছি- আমাদেরও সচেতন থাকা দরকার।'
এসএ/টিকে