নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত
০২:৫৯ এএম | ১৬ জুন, ২০২৬
কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনাসংলগ্ন এলাকায় মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদীসংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জানান, মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের দুটি ইঞ্জিনচালিত নৌকা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা নৌকাসহ সাত জেলেকে আটক করেন। আটক নৌকা দুটির একটি শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মো. ফয়সালের এবং অপরটি কোনাপাড়া এলাকার শওকতের মালিকানাধীন।
আটক জেলেরা হলেন শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, কামাল হোসেনের ছেলে মো. জলিল, আব্দুস শুক্কুরের ছেলে আজম উল্লাহ (১২), মো. রফিকের ছেলে হেলাল (১২), মিস্ত্রিপাড়া এলাকার সব্বির আহমেদের ছেলে ফয়সাল আহমেদ, কোনাপাড়া এলাকার সলিম উল্লাহর ছেলে সৈয়দুর রহমান ও সৈয়দ আলম।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জেলে বলেন, মাছ ধরতে যাওয়ার পথে তারা দূর থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে যেতে দেখেন। পরে বিষয়টি অন্য জেলেদের ফোনে জানানো হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল মন্নান বলেন, সকালে মাছ ধরার সময় আমার ওয়ার্ডের দক্ষিণ পাড়ার ফয়সালের মালিকানাধীন নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি আটক করেছে। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মো. অনীক চৌধুরী বলেন, মিয়ানমারের জলসীমায় প্রবেশের সময় সাত জেলেসহ দুটি মাছ ধরার নৌকা আটকের বিষয়টি কোস্ট গার্ড নিশ্চিত করেছে। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এমআর/টিএ