কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর
ছবি: সংগৃহীত
১২:৫১ পিএম | ১৮ জুন, ২০২৬
দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা এবং কাবাব তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, 'এই কাঁঠালের কাবাব বা সবজির ফুড ভ্যালু হাই।
বিশ্বের বেশ কয়েকটি দেশ যোগাযোগ করেছে আমাদের থেকে কাঁঠাল নিয়ে এ ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য।'
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে যুক্ত হচ্ছেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে আম-আনারস-কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। এই বছর কাঁঠাল রপ্তানি আরো অনেক বেড়ে যাবে। আমরা চায়নার সঙ্গে একটা কন্ট্রাক্টে আসছি।
আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে সামনে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষির বরাদ্দ কমেনি, বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। এর বাইরে প্রণোদনা ও উন্নয়ন বাজেটও রয়েছে। যারা বরাদ্দ কমেছে বলে বলছেন, তারা হয়তো সঠিক হিসাব করেননি।
কেএন/এসএন