হাসপাতাল থেকে ফিরে আনসারী লিখলেন 'আলহামদুলিল্লাহ'
ছবি: সংগৃহীত
০৭:৪৬ পিএম | ১৮ জুন, ২০২৬
স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (১৮ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
সেখানে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যগত জটিলতা কাটিয়ে আজ ঢাকার অস্থায়ী আবাসে ফিরলাম।
গত সোমবার বুকে ব্যথা ও হঠাৎ অচেতন হয়ে পড়ার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ বাসায় ফিরেছি বলেও জানান তিনি।
তিনি লিখেছেন, চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তার এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য আমি ও আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।
প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের আন্তরিক সহযোগিতা, সৌজন্য ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই বলেও জানান তিনি।
বিশেষভাবে দেশের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ও বিভাগীয় প্রধান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল আলেয়া সুলতানার সার্বক্ষণিক তত্ত্বাবধান, পেশাদারিত্ব ও মানবিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সিএমএইচে অবস্থানকালে সেখানকার অন্যান্য বিভাগের সিনিয়র চিকিৎসকরা ছাড়াও অসংখ্য কর্মকর্তা ও সৈনিক আমার প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন, তা আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে। সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা বলেন তিনি।
তিনি বলেন, সর্বোপরি, আত্মীয়-স্বজন, বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য মানুষের দোয়া ও শুভকামনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবং আরেকটু স্ট্যাবল হলে ওয়াশিংটন রওনা করবো ইনশাআল্লাহ।
পুনশ্চঃ আমার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে কার্যকর না থাকায় আপাতত এ পেজের মাধ্যমে সংযুক্ত থাকার চেষ্টা করছি বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৫ জুন) বিকেলে মুশফিকুল ফজল আনসারী বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এমআর/টিকে