© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ : ইরান

শেয়ার করুন:
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ : ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৪ পিএম | ২৪ জুন, ২০২৬
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটিকে ‌‌‘‘আমেরিকার পরাজয়ের ঘোষণা’’ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের চুক্তির আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ ওই মন্তব্য করেছেন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া চুক্তির বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনও চাপ বা জবরদস্তির ফল ছিল না, বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফল।

তিনি বলেন, ‘‘আর এই কারণেই ইসলামাবাদ সমঝোতা স্মারক আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’’ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা অবশ্যই ওই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা গালিবাফ বলেন, ‘‘আমরা এই অঞ্চল থেকে বিদেশি সামরিক বাহিনীর প্রত্যাহারকে একটি কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করি। কারণ তারা কেবল টেকসই নিরাপত্তা তৈরিতেই ব্যর্থ নয়, বরং অস্থিতিশীলতারও উৎস।’’

বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এসব মন্তব্য করে বাঘের গালিবাফ। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তার এই বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয়।
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ইরান বোমা হামলার প্রতিশোধ হিসেবে যুদ্ধের সময় এসব ঘাঁটি পরিচালনাকারী দেশগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

গালিবাফ বলেন, ‘‘আমরা এই অঞ্চলের ভবিষ্যৎকে দ্বন্দ্বে নয়, বরং মিথস্ক্রিয়ায় এবং নির্মূলে নয়, বরং সহাবস্থানের মাধ্যমে দেখি।’’ তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য লেবাননে শান্তি প্রতিষ্ঠা ছিল অন্যতম মূল শর্ত।

‘‘আমাদের কাছে লেবাননে যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ ছিল এবং আছে। লেবাননে যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই গুরুত্বপূর্ণ।

সূত্র: এএফপি।

টিকে/

মন্তব্য করুন