সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা, বিপাকে নারী কর্মকর্তা
ছবি: সংগৃহীত
০৮:৫৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
ভারতের আসাম রাজ্যের জোরহাটে সড়ক নিরাপত্তা অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে মামলা দেয়ায় বিতর্কে জড়িয়েছেন পরিবহন বিভাগের এক নারী কর্মকর্তা। এ ঘটনায় তাঁর সঙ্গে সেনাসদস্যদের কথাকাটাকাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
তবে সেনাবাহিনীর গাড়ির চালান করার কারণে নয়, বরং দায়িত্ব পালনের সময় আচরণ ও গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্কের জেরে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও নবভারত টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ১৮ নভেম্বর জোরহাট শহরের ব্যস্ত এ টি রোডে আন্তরাজ্য বাস টার্মিনালের (আইএসবিটি) সামনে। ওই এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহন তল্লাশি করছিল পরিবহন বিভাগের কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি থামান মোটরযান পরিদর্শক সামিম সুলতানা। গাড়িটির চালক সিটবেল্ট পরেননি—এ অভিযোগে তিনি মামলা দায়ের করেন।
চালক জোরহাট সামরিক স্টেশনের লিচুবাড়িতে অবস্থিত ৪১ সাব-এলাকার সদস্য ছিলেন। তিনি আরেক সেনাসদস্যকে সঙ্গে নিয়ে সরকারি দায়িত্বে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থামানোর পর চালকের লাইসেন্স নিয়ে কর্মকর্তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
জোরহাটের জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় সাইকিয়া জানান, সেনাসদস্যের বিরুদ্ধে সিটবেল্ট না পরার কারণে চালান করা হয়েছিল। বৈধ চালকের লাইসেন্স না থাকার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়নি। সেনাসদস্যরা সরকারি সামরিক যান চালানোর ক্ষেত্রে প্রতিরক্ষা বিভাগের দেওয়া চালকের লাইসেন্স ব্যবহার করতে পারেন। এ জন্য তাঁদের সাধারণ নাগরিক চালকের লাইসেন্সের প্রয়োজন হয় না।
তবে সেনাসদস্যের সঙ্গে কথা বলার সময় মোটরযান পরিদর্শকের আচরণ যথাযথ ছিল না বলে স্বীকার করেন জেলা পরিবহন কর্মকর্তা। তিনি জানান, সামিম সুলতানাকে এক থেকে দুই দিনের জন্য সাময়িকভাবে সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের সামনে তাঁর কিছু বক্তব্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে জোরহাট জেলা প্রশাসন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি নিয়ে ভুল বোঝাবুঝি ও ভুল তথ্য ছড়ানোর কারণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সশস্ত্র বাহিনী, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের গাড়ির সঙ্গে দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্কতা, সংবেদনশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আসামের প্রতিবেশী গোলাঘাট জেলায় গত ১৩ নভেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর রাজ্যজুড়ে যানবাহন তল্লাশি ও সড়ক নিরাপত্তা অভিযান জোরদার করা হয়। এরই অংশ হিসেবে জোরহাটে ওই অভিযান চালানো হয়েছিল। সেদিন আইএসবিটির কাছে ১৮৯টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত এবং ১৬টি যানবাহন জব্দ করা হয়।
এমআই/