© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়াগামী কার্গো জাহাজে ড্রোন হামলা

শেয়ার করুন:
ফিনল্যান্ড উপসাগরে রাশিয়াগামী কার্গো জাহাজে ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৩ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদগামী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) সকালে গগল্যান্ড দ্বীপের পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড।

তবে কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, জাহাজটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। হামলায় জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি।

বার্তা আদান-প্রদানের অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে কালিনিনগ্রাদগামী একটি কার্গো জাহাজে দুটি ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে, কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ জানিয়েছেন, এ ঘটনার কারণে রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ডটিতে পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ঝুঁকির মুখে পড়েনি।

উল্লেখ্য, কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি অঞ্চল। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই অঞ্চলে পণ্য ও রসদ পরিবহনে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

সূত্র: আল জাজিরা

এমআর/

মন্তব্য করুন