© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড়

শেয়ার করুন:
জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৪ পিএম | ২৪ জুন, ২০২৬

ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যু মামলায় নতুন মোড় এসেছে। মামলার অন্যতম অভিযুক্ত এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্তর জামিনের আবেদন নিয়ে আসাম সরকারকে নোটিস দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।


বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ মঙ্গলবার (২৩ জুন) শ্যামকানুর আবেদন শুনে আসাম সরকারকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি জুলাইয়ের শেষ সপ্তাহে হওয়ার কথা। 


এর আগে গত ২৯ মে গুয়াহাটি হাইকোর্ট শ্যামকানু মহন্তর জামিন আবেদন খারিজ করে দেন। আদালত মনে করেন, মামলার গুরুত্ব বিবেচনায় তখন জামিন দেয়ার উপযুক্ত সময় নয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। 



এ ঘটনায় ৬০টির বেশি এফআইআর দায়ের করা হয়। পরে আসাম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে শ্যামকানু মহন্তকে অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এসআইটির জমা দেয়া অভিযোগপত্রে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে সিঙ্গাপুর পুলিশের পৃথক তদন্তে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় কোনো ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। সেখানকার তদন্ত প্রতিবেদনে বলা হয়, মদ্যপ অবস্থায় লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে নামার পর তিনি দুর্ঘটনাবশত ডুবে যান। সিঙ্গাপুরের আদালতও একই পর্যবেক্ষণ তুলে ধরেন। আসাম সরকারের জবাব পাওয়ার পর শ্যামকানু মহন্তকে জামিন দেয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এসএ/টিকে

মন্তব্য করুন