আমি মঞ্চে ফিরবো, গাইবো, গিটার বাজাবো: আর্টসেলে যোগ দিয়ে বখতিয়ার
ছবি: সংগৃহীত
০৪:০৪ পিএম | ২৫ জুন, ২০২৬
বাংলাদেশের শ্রোতাপ্রিয় প্রগ্রেসিভ মেটাল ব্যান্ড ‘আর্টসেল’-এর অন্যতম প্রতিষ্ঠাতা, প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি'কস্তা সাময়িক বিরতি নিয়েছেন। দীর্ঘ ২৭ বছরের সংগীত ক্যারিয়ারে কখনো ব্যান্ড থেকে দূরে না থাকা এই ফ্রন্টম্যান ব্যক্তিগত কারণে বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তবে লিংকনের অনুপস্থিতিতে ব্যান্ডের নিয়মিত কার্যক্রম সচল রাখতে বড় চমক নিয়ে এসেছে আর্টসেল।
নতুন ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে ব্যান্ডটিতে যুক্ত হয়েছেন তরুণ ও প্রতিভাবান মিউজিশিয়ান বখতিয়ার হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। একই সাথে আর্টসেলের মতো কিংবদন্তি ব্যান্ডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
বখতিয়ার হোসাইন তার পোস্টে লিখেছেন, ‘লিংকন ভাই যতদিন না দেশে ফিরছেন, ততদিন পর্যন্ত আর্টসেলের সাথে গেস্ট মেম্বার হিসেবে কাজ করতে পারা আমার জন্য নিঃসন্দেহে আনন্দের এবং সৌভাগ্যের। এটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার, সেইসাথে আমার শেখা ও অভিজ্ঞতা অর্জনের ভাণ্ডারে যুক্ত হবে নতুন আরো অনেককিছু।’
মঞ্চে ফেরা প্রসঙ্গে নিজের আগের ব্যান্ড ‘বে অব বেঙ্গল’ -এর স্মৃতিচারণ করে বখতিয়ার বলেন, ‘সময়ের দাবী বলি বা পরিস্থিতি, ‘বে অব বেঙ্গল’ ছাড়ার পর গত ৫ মাস আমাকে মঞ্চের বাইরে থাকতে হয়েছে, যদিও আমার নিজস্ব মিউজিক চর্চা থেমে থাকেনি। জনজীবন স্বাভাবিক থাকা অবস্থায় মঞ্চ থেকে দূরে থাকার এত বড় ব্রেক আমার কখনোই হয়নি। সেদিক থেকে আমি মঞ্চে ফিরবো, গাইবো, গিটার বাজাবো, এইতো।’
নিজের সংগীত ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও যুক্ত করেন, ‘যে আমি মনেপ্রাণে মিউজিক করতে চেয়েছিলাম, সেই হিসেবে আমার আর কিবা চাওয়ার থাকতে পারে। আর্টসেলে গেস্ট মেম্বার হিসেবে পারফর্ম করার পাশাপাশি, আমার নিজস্ব মিউজিক্যাল একটিভিটি, কম্পোজিশন ও আমার সোলো লাইনাপের লাইভ শো চলমান থাকবে। আমি শিল্পচর্চার মানুষ। নিজস্ব শিল্পসৃষ্টির প্রয়াস আমার শেষ নিঃশ্বাস পর্যন্তই থাকবে।’
আর্টসেল ভক্তদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বখতিয়ার লিখেছেন, ‘আমি জানি, আর্টসেল একটা ব্যান্ড যা কিনা আমার মতো কোটি মানুষের আবেগের জায়গা জুড়ে আছে। আর সেখানে লিংকন ভাইয়ের মতো একজন ফ্রন্টম্যানের জায়গায় অন্য কাউকে মেনে নেওয়া আসলেই ভীষণ কঠিন। তবে ব্যাপারটা নির্দিষ্ট সময়ের, লিংকন ভাই নিশ্চয়ই আবার ফিরবেন। আমরা সবাই দলবেঁধে আবারও তার মঞ্চ কাঁপানো পারফরম্যান্স উপভোগ করবো।’
পোস্টের শেষাংশে ভক্ত ও ব্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘মেনে নিতে পারা আর না পারা নিয়েই আমাদের জীবন চলতে থাকে। কিন্তু সময়? সেতো আর থেমে থাকেনা। এতসব ভালো-মন্দের ভীড়ে, অনেকের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। সবাই কৃতজ্ঞতা জানবেন। কৃতজ্ঞতা আর্টসেল, আমার উপর আস্থা রাখার জন্য। কৃতজ্ঞতা শ্রোতাদের প্রতি, যারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আমার মিউজিকে ফেরায় আনন্দিত হয়েছেন, বিশ্বাস রেখেছেন। যারা বিশ্বাস রাখতে পারছেননা, তাদের মতের প্রতিও আমি শ্রদ্ধাশীল। সবাই পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাকি গল্প মঞ্চে।’
টিকে/