© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ বিরতির পর তেল রপ্তানিতে ফিরল সৌদির বৃহত্তম বন্দর

শেয়ার করুন:
দীর্ঘ বিরতির পর তেল রপ্তানিতে ফিরল সৌদির বৃহত্তম বন্দর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ২৬ জুন, ২০২৬
প্রায় চার মাস বন্ধ থাকার পর উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম তেল রপ্তানি টার্মিনাল রাস তানুরা থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং শুরু করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো। শুক্রবার (২৬ জুন) গুরুত্বপূর্ণ এই বন্দরটি চালু হয়েছে বলে জানা গেছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের শিপিং প্রতিষ্ঠান বাহরির নিয়ন্ত্রণাধীন দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) রাস তানুরা বন্দরে অপরিশোধিত তেল লোড করছে এবং আরও একটি জাহাজ বন্দরের কাছে অপেক্ষা করছে। প্রতিটি ভিএলসিসি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর আশায় মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো সাম্প্রতিক সময়ে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় সৌদি আরবও উপসাগরের অভ্যন্তর থেকে পুনরায় তেল রপ্তানি শুরু করল।


তবে তেল রপ্তানি পুনরায় শুরু হলেও বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে তাইওয়ানের এভারগ্রিন মেরিনের একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনার পর ব্রিটিশ নৌবাহিনীর বাণিজ্যিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও প্রণালিতে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।


এদিকে রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, জাহাজটিতে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নির্ধারিত রুটের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে না।


উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের পূর্ব উপকূলে অবস্থিত রাস তানুরা বিশ্বের বৃহত্তম তেল রপ্তানি বন্দরগুলোর একটি। যুদ্ধের আগে এখান থেকে প্রতিদিন ৫০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল রপ্তানি হতো। এছাড়া এখানেই সৌদি আরবের দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল সক্ষমতার বৃহত্তম শোধনাগার অবস্থিত, যা যুদ্ধ চলাকালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছিল।


এলএসইজির তথ্য অনুযায়ী, রাস তানুরা থেকে সর্বশেষ গত ৮ মার্চ চীনের উদ্দেশে একটি তেলের চালান পাঠানো হয়েছিল। এরপর ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব তাদের তেল রপ্তানি লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে পরিচালনা করে। এই সংঘাতের প্রভাবে গত তিন মাসে সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেলে নেমে আসে, যা ফেব্রুয়ারিতে ৭০ লাখ ব্যারেলেরও বেশি ছিল।

টিজে/এসএন 

মন্তব্য করুন