© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার নিজের ছবিযুক্ত বিশেষ মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

শেয়ার করুন:
এবার নিজের ছবিযুক্ত বিশেষ মার্কিন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ এএম | ২৮ জুন, ২০২৬
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ছবি ও স্বাক্ষর সংবলিত একটি বিশেষ স্মারক পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গতকাল (শুক্রবার, ২৬ জুন) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই লিমিটেড এডিশন বা সীমিত সংস্করণের পাসপোর্টের ছবি শেয়ার করেন তিনি। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাসপোর্টের নতুন নকশাটি পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যা বলছে—স্বাগতম, তবে ভালো আচরণ করবেন!’ পাসপোর্টের ভেতরের একটি পাতায় দেখা গেছে, ট্রাম্প তার দাপ্তরিক ডেস্ক ‘রেজলুট ডেস্ক’-এর সামনে দাঁড়িয়ে আছেন এবং এর পটভূমিতে দেশটির স্বাধীনতার মূল ঘোষণাচিত্র (ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স) ও নিচে তার স্বাক্ষর রয়েছে। বিপরীত পাতায় জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাত ‘দ্য ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ চিত্রটি স্থান পেয়েছে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে দেশটির পররাষ্ট্র দপ্তর পাসপোর্টের একটি নকশা প্রকাশ করেছিল। তবে ট্রাম্পের উন্মোচন করা নতুন নকশাটিতে স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা তার প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও এই বিশেষ পাসপোর্টের ছবি পোস্ট করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে গত এপ্রিলে প্রথম এই স্মারক পাসপোর্টের ঘোষণা দেয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সির মাধ্যমে যারা সরাসরি পাসপোর্ট নবায়ন করবেন, তারা প্রাথমিকভাবে এই বিশেষ সংস্করণের পাসপোর্টটি পাবেন। তবে অনলাইন বা অন্যান্য মাধ্যমে আবেদনকারীদের ক্ষেত্রে বর্তমান সাধারণ নকশার পাসপোর্টই বহাল থাকবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ভেতরের পাতায় দেশটির জাতীয় সংগীতের রচয়িতা ফ্রান্সিস স্কট কি-র ছবি ও জাতীয় সংগীতের পঙক্তিমালা রয়েছে। স্মারক পাসপোর্টের এই নতুন নকশাটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আরআই/টিএ

মন্তব্য করুন