কাকে বিয়ে করছেন ‘জওয়ান’ সংগীত পরিচালক?
ছবি: সংগৃহীত
০৯:৪৮ পিএম | ২৮ জুন, ২০২৬
দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্রের সঙ্গে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি দুজনের কেউ।
এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন অনিরুদ্ধের পিসেমশাই ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্র। তার মন্তব্যের পর থেকেই শোরগোল শুরু হয়েছে বিনোদন অঙ্গনে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াইজি মহেন্দ্র ইঙ্গিত দেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিরুদ্ধ ও কাব্য।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘ও (অনিরুদ্ধ) খুবই শান্ত স্বভাবের ছেলে।
এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।’
মহেন্দ্র আরো দাবি করেন, অনিরুদ্ধের পরিবারের কাছ থেকেই তিনি বিষয়টি জেনেছেন। তার কথায়, ‘আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত।
ওরা বিয়ে করছে।’
তবে কবে, কোথায় বা কীভাবে বিয়ের আয়োজন হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তারপরও তার এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক।

সাক্ষাৎকারে কাব্য মারানেরও প্রশংসা করেন ওয়াইজি মহেন্দ্র। তিনি বলেন, ‘ও কোনও সাধারণ মেয়ে নয়।
এত বড় একটি দল (হায়দরাবাদের আইপিএল টিম) সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।’
এই জুটিকে নিয়েও নিজের শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘ওরা জুটি হিসাবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।’
অবশ্য অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। ২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। তখন আরও শোনা যায়, অনিরুদ্ধের আরেক পিসেমশাই, দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলানিধি মারানের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনাও করেছেন।
তবে সে সময় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে অনিরুদ্ধ সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।’
তবে বিয়ের খবর অস্বীকার করলেও কাব্য মারানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি। এবারও নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের খবরে অনিরুদ্ধ কিংবা কাব্য—কেউই আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ফলে জল্পনা চললেও নিশ্চিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এসএন