জনগণের দুর্ভোগ কমাতে শুধু এসি বাস কেনার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ৩০ জুন, ২০২৬
তামিলনাড়ুর সরকারি গণপরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন আসতে যাচ্ছে। রাজ্য সরকার এখন থেকে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় এই ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বার্তা সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী বিজয় তামিলান পার্থিবন। তিনি জানান, মুখ্যমন্ত্রী চান সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়কভাবে সরকারি বাসে যাতায়াত করতে পারেন।
গত রোববার সালেমে ক্ষমতাসীন দল টিভিকের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে পরিবহনমন্ত্রী এই বক্তব্য দেন। ‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় তামিলনাড়ুর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলকে বাস নেটওয়ার্কের আওতায় আনতে চান। একই সঙ্গে প্রতিটি বাসে যেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপি—সবার জন্য আরামদায়ক ভ্রমণের সব ধরনের সুযোগ-সুবিধা থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।
পরিবহন মন্ত্রী পার্থিবন সাংবাদিকদের আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় নিজে একটি সরকারি বাসে ভ্রমণ করেছিলেন। সেই অভিজ্ঞতার পরই তিনি সিদ্ধান্ত নেন যে রাজ্যের প্রতিটি নতুন সরকারি বাসই যেন শীতাতপ নিয়ন্ত্রিত হয়।
আধুনিকায়নে বড় বিনিয়োগ
গত সপ্তাহে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে ৩০০ নতুন বাসের একটি বহরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়কে একজন বাস কন্ডাক্টরের সঙ্গে কথা বলতে দেখা যায়।
নতুন এই বাস বহরটি চালু করতে রাজ্য সরকারের মোট ১২৭ কোটি ২১ লাখ রুপি ব্যয় হয়েছে। এই বহরে ১৬৪টি ডিজেলচালিত বাস এবং ১৩৬টি বিএস-সিক্স (BS-VI) মানের পরিবেশবান্ধব সিএনজি বাস রয়েছে। যাত্রীদের অপেক্ষার সময় কমাতে এবং যাতায়াত সহজ করতে কোয়াম্বেদু ও কিলামব্লাকামের মতো প্রধান ট্রানজিট হাবগুলো থেকে বাসগুলো অবিলম্বে চালু করা হয়েছে।
বাসের এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী উপস্থিত ছিলেন।
তামিলনাড়ুর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক রূপ দেওয়া এবং রাজ্যজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করাই এখন বর্তমান ক্ষমতাসীন দল টিভিকের মূল লক্ষ্য। আর এই লক্ষ্য পূরণেই প্রথম বড় পদক্ষেপ হিসেবে শুধু এসি বাস কেনার সিদ্ধান্ত নেওয়া হলো।
সূত্র: ইন্ডিয়া টুডে
এমআই/টিএ